টাকা ভাঙিয়ে নেওয়ার কথা বলে যশোরের চৌগাছা উপজেলায় এক ব্যক্তির ৬২ হাজার ৯০০ টাকা নিয়ে পালিয়েছে দুই প্রতারক। গতকাল বুধবার সকালে সোনালী ব্যাংকের চৌগাছা শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রতারণার শিকার ওই ব্যক্তির নাম আবদুল আজিজ। তাঁর বাড়ি উপজেলার কান্দি গ্রামে।
আবদুল আজিজ বলেন, ‘আমার দুই ছেলে মালয়েশিয়ায় থাকে। সেখান থেকে তাঁরা গতকাল বুধবার টাকা পাঠিয়েছে। আমি ও আমার স্ত্রী জাহানারা বেগম সোনালী ব্যাংকের চৌগাছা শাখায় এসে ৬৯ হাজার ৯০০ টাকা তুলি। ব্যাংক থেকে পাঁচ শ ও এক শ টাকার নোট দেওয়া হয়। টাকা নেওয়ার পর ব্যাংকের ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে টাকা গুনছিলাম। এ সময় দুই ব্যক্তি এসে নিজেদের এক হাজার টাকা ভাঙিয়ে নেওয়ার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়ে গুনতে থাকে। আমাকে তারা সাত হাজার টাকা দেয়। টাকা গণনা করার এক ফাঁকে বাকি ৬২ হাজার ৯০০ টাকা নিয়ে ওই দুজন ব্যাংক থেকে কৌশলে সরে পড়ে। আমি পিছু নিয়েও তাদের ধরতে পারিনি।’
ব্যাংকের সিসি টিভির ফুটেজে দেখা যায়, ওই দুই ব্যক্তি আবদুল আজিজের কাছ থেকে টাকা নিয়ে গুনছে। এর এক ফাঁকে তারা ব্যাংক থেকে বেরিয়ে যায়। আবদুল আজিজও তাদের পিছু নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যান।
আবদুল আজিজ ওই দুজনকে না পেয়ে ব্যাংকে ফিরে এসে বিষয়টি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে জানান। তিনি চৌগাছা থানায় খবর দেন।
শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, ‘সিসি টিভি ফুটেজে দেখা গেছে বুধবার সকাল ১০টা ৫৭ থেকে ১১টা ৬ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। সঙ্গে সঙ্গে বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম বলেন, প্রতারণার শিকার আবদুল আজিজ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সিসি টিভিতে ধারণকৃত ভিডিওফুটেজে দুই প্রতারককে দেখা গেলেও তাদের শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ তাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।