৬৪ হাজার ইয়াবাসহ নৌকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবি ও পুলিশ।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন নাফ নদীর ৩ নম্বর স্লুইসগেট এলাকায় একটি নৌকাকে সংকেত দিলে চার-পাঁচজন মাঝিমাল্লা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালালে ৪০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও নৌকাটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে বিজিবি দাবি করেছে।
অন্যদিকে, গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত টেকনাফ মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সরোজ রতন আচার্য্যের নেতৃত্বে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকার বাসিন্দা মৃত রশিদ উল্লাহর ছেলে মো. সরওয়ারে তালাবদ্ধ বাড়িতে অভিযান চালিয়ে ১৬ হাজার ও একই এলাকার বাসিন্দা মৃত পেটান আলীর স্ত্রী সকিনা বেগমের বাড়িতে অভিযান চালালে একটি প্যাকেট ফেলে এক ব্যক্তি পালিয়ে যায়। এ সময় ওই প্যাকেটে ৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।