৬৫টি সোনার বারসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে তিন কোটি টাকার ৬৫টি সোনার বারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি সিনেমা প্যালেস মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাঁশখালীর দুলাল ধর ও কক্সবাজারের পরিতোষ দে। তাঁরা দুজনেই নারায়ণ কুমার চৌধুরী নামের এক সোনা ব্যবসায়ীর কর্মচারী। ওই ব্যবসায়ীর কথামতো তাঁরা গভীর রাতে শরীরের সঙ্গে বিশেষ কায়দায় বেঁধে সোনার বারগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। নারায়ণ চৌধুরী পলাতক।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, অবরোধের কারণে বাস কাউন্টারগুলোতে কড়া নজরদারি বাড়িয়েছে পুলিশ। সিনেমা প্যালেস মোড়ে এসআই মফিজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ টহল দিচ্ছিল। রাত একটার দিকে আন্দরকিল্লা কাটাপাহাড় থেকে টেলিগ্রাফ হিলরোড হয়ে একটি প্রাইভেট কার সিনেমা প্যালেসের দিকে আসতে দেখে পুলিশ। পুলিশ দেখে হঠাৎ গাড়ির আলো বন্ধ হয়ে যায়। সন্দেহ হলে পুলিশ সদস্যরা দৌড়ে গাড়িটির কাছে যান। গাড়িতে ছিলেন চালক পরিতোষ দে ও দুলাল ধর। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করলে তাঁরা বিভিন্ন জায়গায় ফোন করা শুরু করেন। পরে তাঁদের শরীর তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। দুলাল তাঁর শরীরে কাপড় মোড়ানো দুটি বেল্টের ভেতর ২২টি করে ৪৪টি বার এবং পরিতোষ একটি বেল্টে ২১টি বার বহন করছিলেন। প্রতিটি বারের ওজন ১০ তোলা। সেই হিসাবে ৬৫ বারের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।
এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন বিশেষ ক্ষমতা আইনে দুলাল ধর, পরিতোষ দে ও পলাতক নারায়ণ চৌধুরীকে আসামি করে মামলা করেছেন। ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে দুলাল ও পরিতোষকে গতকাল বিকেলে আদালতে পাঠানো হয়। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া দুলাল ও পরিতোষ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁদের মালিক নারায়ণ চৌধুরীর নগরের হাজারী লেনের মিতালী মার্কেটের দ্বিতীয় তলায় সোনার দোকান রয়েছে। তাঁর কথামতো হাজারী লেন থেকে সোনার বারগুলো নিয়ে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। নারায়ণ চৌধুরীর মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) শাহ মো. আবদুর রউফ জানান, নারায়ণ চৌধুরীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি একজন চোরাকারবারি বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে চোরাই পথে সোনা এনে বিক্রি করে থাকেন নারায়ণ।