সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) গতকাল রোববার খুলেছে। ছাত্রদের তিনটি আবাসিক হলও খুলেছে। হল প্রশাসন আবাসিক বৈধতা থাকা ৬৬ জন ছাত্রকে হলে উঠতে দিয়েছে। অবৈধভাবে হলে ছিলেন এমন কাউকে উঠতে দেওয়া হয়নি।
এদিকে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দৈপায়ন দত্ত নামে সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হন।
২০ নভেম্বর বন্ধ ঘোষণার পর গতকাল বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে অবরোধের কারণে সব শিক্ষার্থী এখনো সিলেটে ফিরতে পারেননি। তাই প্রথম দিনে সব বিভাগে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। এ ছাড়া সামনে শিক্ষক সমিতির নির্বাচন। এসব কারণে ক্লাস-পরীক্ষাও হয়েছে কম।
ছাত্রীদের দুটি হল গত শনিবারই খুলে দেওয়া হয়। সেদিন ছাত্রদের তিনটি হলেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল সকাল ১০টার দিকে ছাত্র হলগুলো খুলে দেওয়া হয়। এর মধ্যে বঙ্গবন্ধু হলে ৫০৮টি আসন, শাহপরান হলে ৪৪৭ আসন ও সৈয়দ মুজতবা আলী হলে ৬৪টি আসন রয়েছে। ৬ ও ৭ জানুয়ারি এই তিন হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯৩ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্র জানায়, হলগুলোতে বৈধতা থাকা ছাত্রদের ঢুকতে দেওয়া হয়েছে। গতকাল সব মিলিয়ে দুটি হলে ৬৬ জন বৈধভাবে উঠেছেন। বর্তমানে বৈধতা আছে এবং গত ডিসেম্বরে ভর্তির মেয়াদ শেষ হয়েছে এমন ছাত্রদের ভর্তি ফি নিয়ে হলে ওঠানো হয়েছে। বৈধতা না থাকায় সৈয়দ মুজতবা আলী হলে কেউ ওঠেননি। হলগুলোতে ভর্তি হওয়ার জন্য ১২০ জন আবেদন করেছেন। হলে আবাসিক হতে ইচ্ছুক ছাত্রদের আগামী বৃহস্পতিবারের মধ্যে ভর্তির আবেদন করতে তিনটি হলের প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে। বৈধভাবে থাকা ছাত্রদের আসন ছাড়া বাকিগুলোকে শনিবার শূন্য ঘোষণা করে হল প্রশাসন। সব হলের সামনে রয়েছে পুলিশের পাহারা।
শাহপরান হলের প্রাধ্যক্ষ আশরাফুল আলম জানান, তাঁর হলে ৩১ জনকে তোলা হয়েছে। এর মধ্যে মেয়াদ শেষ হওয়া ২৫ জন ভর্তি ফি দিয়ে উঠেছেন। নতুন ভর্তির জন্য ৭০ জন আবেদন করেছেন।
বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আবদুল গণি জানান, তাঁর হলে ৩৫ জন উঠেছেন। তাঁরা বৈধভাবে ছিলেন বা গতকাল বৈধ হয়েছেন। ৭০ জন হলে ভর্তি হতে আবেদন করেছেন।
সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ মো. ফারুক উদ্দিন জানান, তাঁর হলে কেউ ওঠেননি। ভর্তির জন্য ১৫ জন আবেদন করেছেন।
ছাত্রলীগ নেতা দৈপায়ন গ্রেপ্তার: ২০ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় গতকাল বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্রলীগ নেতা দৈপায়ন দত্তকে গ্রেপ্তার করে জালালাবাদ থানার পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই সংঘর্ষের ঘটনায় করা চারটি মামলার একটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দৈপায়ন নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র। ওই চার মামলায় এ নিয়ে ছাত্রলীগের ৪০ জন গ্রেপ্তার হলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজে ছাত্রলীগের যে পক্ষের নেতা-কর্মীই জড়িত হোন না কেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই।’