রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল জালিয়াতির আরও ভয়াবহ চিত্র পাওয়া গেছে। এর আগের তদন্তে ৬৭ জন শিক্ষার্থীর ফল জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অনুসন্ধানে ২২৯ জন শিক্ষার্থীর নম্বর ‘টেম্পারিংয়ের’ প্রমাণ পাওয়া গেছে।
থানা শিক্ষা কর্মকর্তা স্বহস্তে টেম্পারিংয়ের কাজ করেছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। খোদ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিভাগীয় মামলার জবাবে এ তথ্য জানিয়েছেন।
গত ২২ জুন ‘রাজশাহীতে পঞ্চম শ্রেণির বৃত্তির ফল জালিয়াতি’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ঘটনা তদন্ত করা হয়। ১৭ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এ পরিপ্রেক্ষিতে গত বুধবার প্রথম আলোয় ‘জালিয়াতি করেই বৃত্তি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তৎকালীন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তী ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সোনিয়া রওশনের নামে বিভাগীয় মামলা হয়। ৯ নভেম্বর থেকে পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে তাঁদের কাছ থেকে সন্তোষজনক জবাব চাওয়া হয়।
বিভাগীয় মামলার জবাব সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তদন্তের পর বোয়ালিয়া থানার ২০১৫ সালের শিক্ষা সমাপনী পরীক্ষার নম্বর টেম্পারিংয়ের বিষয়টির ভয়াবহতা ও প্রকৃত সংখ্যা উদ্ঘাটনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নম্বর ফর্দ, উত্তরপত্র ও কম্পিউটারে এন্ট্রিকৃত নম্বর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেন। এ সময় তিনি ২২৯ জন শিক্ষার্থীর নম্বর টেম্পারিংয়ের প্রমাণ পান। জবাবের সঙ্গে তিনি টেম্পারিং করা শিক্ষার্থীর বিদ্যালয়ের নাম ও নম্বর উল্লেখ করেছেন। তবে তাঁর জবাবে আশঙ্কা করেছেন যে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করলে আরও অনিয়ম ধরা পড়তে পারে।
জবাবে জেলা শিক্ষা কর্মকর্তা আরও উল্লেখ করেন যে টেম্পারিং করা নম্বরের উত্তরপত্রে প্রকৃত নম্বর থাকলেও নম্বর ফর্দে কোনো কোনো ক্ষেত্রে তৎকালীন বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রাখী চক্রবর্তীর স্বহস্তে নম্বর টেম্পারিংয়ের প্রমাণ রয়েছে। রাখী চক্রবর্তী তাঁর (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) মেয়ের নম্বর বাড়িয়ে দিয়েছেন, বৃত্তি পাওয়ার জন্য ওই বাড়তি নম্বরের কোনো প্রয়োজনই ছিল না। যেখানে তদন্তে প্রমাণিত হয়েছে একজন শিক্ষার্থীর নম্বর ১৭০ পর্যন্ত বাড়ানো হয়েছে, সেখানে তাঁর মেয়ের মাত্র ১২ নম্বর বাড়ানোটা অর্থহীন। রাখী চক্রবর্তী সমাপনী পরীক্ষা ২০১৫-এর উত্তরপত্র প্রস্তুতের সময় নিম্নমানের কাগজ ব্যবহার করেছিলেন। সব কেন্দ্র থেকে তাঁকে সেই উত্তরপত্র প্রত্যাহার করে নতুন উত্তরপত্র সরবরাহ করতে বাধ্য করা হয়েছিল। এতে তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন। পরে এই ক্ষতি পোষানোর জন্য নম্বর টেম্পারিং করার মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নিয়েছেন, যা তদন্তে প্রমাণিত হয়েছে।
জানতে চাইলে রাখী চক্রবর্তী গতকাল প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে সময়মতো তথ্যপ্রমাণাদি উপস্থাপন করা হবে। কে দোষী বিচারেই প্রমাণ হবে।