৬৯ লাখ টাকার পে-অর্ডার উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর থেকে ঠিকাদারদের ৬৮ লাখ ৯১ হাজার ১০০ টাকার ১৩৭টি পে-অর্ডার উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন ঠিকাদারেরা।

সাতক্ষীরা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে সাতক্ষীরা জেলায় ৯৩টি কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে গ্রামীণ জনপদে কালভার্ট ও সেতু নির্মাণ প্রকল্পে তালা উপজেলার ১০টি কাজের দরপত্র আহ্বান করা হয়। এসব কাজের দরপত্রের শিডিউল কেনার দিন ২৮ ডিসেম্বর ও জমা দেওয়ার দিন ২৯ ডিসেম্বর ছিল।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা যায়, তালা উপজেলার ১০টি কাজের বিপরীতে ১ হাজার ৪৬৭টি শিডিউল জমা পড়ে। চলতি মাসের ২৫ জানুয়ারি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ কাজের লটারি হয়। এর মধ্যে উপজেলা সদরের জিয়ালা-ঘোষপাড়া স্বদেশের বাড়ির পাশে খালের ওপর ২০ ফুট লম্বা সেতুর (১ নম্বর কাজ) কাজের জন্য ১৩৭ জন ঠিকাদার শিডিউল জমা দেন। প্রতিটি শিডিউলের সঙ্গে জমা দিতে হয় ৫০ হাজার ৩০০ টাকার পে-অর্ডার।

ঠিকাদারদের অভিযোগ, লটারির পর কাজ না পাওয়া ঠিকাদারদের শিডিউলের সঙ্গে জমা দেওয়া পে-অর্ডার ফেরত দেওয়া শুরু হয় উপজেলার পিআইওর কার্যালয় থেকে। ৯টি কাজের পে-অর্ডার ফেরত দিলেও ১টি (১ নম্বর কাজ) কাজের পে-অর্ডার ফেরত দেওয়া হচ্ছে না। ১ নম্বর কাজের শিডিউলের সঙ্গে জমা দেওয়া ১৩৭টি পে-অর্ডার পিআইওর কার্যালয় থেকে উধাও হয়ে গেছে। এখন প্রকল্প কর্মকর্তা নানা টালবাহানা করছেন।

ঠিকাদার এস এম জাহাঙ্গীর হাসান বলেন, ১ নম্বর কাজের জন্য (তালা উপজেলা সদরের জিয়ালা-ঘোষপাড়া স্বদেশের বাড়ির পাশে খালের ওপর ২০ ফুট লম্বা সেতু) ২টি শিডিউল জমা দিয়েছিলেন। এ ছাড়া অন্যান্য কাজের জন্য আরও ১৮টি শিডিউল জমা দেন। কিন্তু ১৮টি শিডিউলের সঙ্গে জমা দেওয়া পে-অর্ডার ফেরত পেলেও ১ নম্বর কাজের সঙ্গে জমা দেওয়া শিডিউল ২টি তাকে ফেরত দেওয়া হচ্ছে না।

একইভাবে ঠিকাদার তপন চক্রবর্তী জানান, তিনি ১ নম্বর কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৬টি শিডিউল জমা দিয়েছিলেন। কিন্তু তিনি পে-অর্ডার ফেরত পাচ্ছেন না। ব্যাংক থেকে ঋণের বিপরীতে এসব পে-অর্ডার করা হয়। দ্রুত জমা না দিলে সুদের পরিমাণ বাড়বে। ফলে বিপাকে পড়েছেন তিনি। একই ধরনের কথা বলেন ঠিকাদার লুৎফর রহমান, মাজিদুল ইসলামসহ সাত-আটজন।

তালার পিআইও মাহফুজুর রহমান রোববার বলেন, কাজের লটারি হওয়ার পরপরই অনেকে তাঁদের পে-অর্ডার ফেরত নিয়ে গেছেন। আবার অনেকে কোনো রকম প্রক্রিয়া না মেনে তাঁদের না বলেও পে-অর্ডার নিয়ে গেছেন। এখন অনেকে বলছেন, ১ নম্বর কাজের পে-অর্ডার পাননি। তাঁর দপ্তরেও এগুলো পাওয়া যাচ্ছে না। কোথায় গেল তা তিনি বলতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন রয়েছেন।