৭ আত্মীয়সহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কোম্পানীগঞ্জের হাওরে অপহরণের পর বাবা ও মেয়েকে হত্যার ঘটনা জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হয়েছে এমন অভিযোগ করে সাতজনের নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় রুশনা বেগম বাদী হয়ে এ মামলা করেন। মামলায় এ ঘটনায় আটক তিন ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বলেন, মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে গত সোমবার বিকেলে আবদুর রব, ফাহিমা বেগম ও মেহেরুননেসাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা নিহত ব্যক্তিদের আত্মীয়। মামলার এজাহারে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে বাদী উল্লেখ করেন। এজাহারে নামোল্লেখ করা সাত আসামিই নিহত ব্যক্তিদের আত্মীয়।

কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের পুটিমারা গ্রামের কৃষক আবদুস সালাম (৪০), মেয়ে রুলি বেগম (১৭) ও স্ত্রী রুশনা বেগমকে নিয়ে গত শনিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে নৌকায় বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে গ্রামের সামনে পাথার চাউতি হাওরে তাঁদের নৌকা আটকে একদল দুর্বৃত্ত রুশনা বেগমকে মারধর করে সালাম ও রুলিকে তুলে নিয়ে যায়। হাওরে ভাসমান অবস্থায় রুলির মৃতদেহ গত রোববার রাতে ও সালামের মরদেহ সোমবার সন্ধ্যায় উদ্ধার করে পুলিশ।