৭ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া এক আসামির বদলে জেল খাটছিলেন অন্যজন। ১৪ মাস জেল খাটার পর ধরা পড়ে গেছে ঘটনা। এ প্রতারণায় সহায়তার অভিযোগে চার আইনজীবীসহ সাতজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
প্রতারণার ঘটনার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলায় আরও দুজনের সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড পান সিলেট সদর উপজেলার আউশা গ্রামের ইকবাল হোসেন বকুল (২৬)। মামলার শুরু থেকেই তিনি পলাতক। মামলাটিতে ২০১২ সালের ২০ মে রায় হওয়ার পর ২০১৫ সালের ১৫ অক্টোবর সিলেট আদালতে বকুল সেজে আত্মসমর্পণ করেন সিলেট নগরের খাসদবীর এলাকার রিপন আহমদ ভুট্টো। সে দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে জেল খাটছিলেন তিনি। তবে স্থানীয় একটি গণমাধ্যমের খবরে গত বছর ২৪ ডিসেম্বর তাঁর প্রতারণার বিষয় প্রকাশ পায়। এ ঘটনায় আদালত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেন।
সিলেটের মুখ্য বিচারিক হাকিম কাজী আবদুল হান্নানকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি ৫ থেকে ১৬ জানুয়ারি তদন্ত করে ঘটনার সত্যতা খুঁজে পায়। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিলে গত রোববার সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
পরদিন সোমবার সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপার ছগির মিয়া সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ‘লোভে পড়ে’ বকুল সেজে কারাবরণ করায় রিপন ছাড়াও পরিকল্পনার নেপথ্যে থাকা আসামিপক্ষের আইনজীবী শাহ আলম, শিক্ষানবিশ আইনজীবী শামীম আহমদ, জেলা প্রশাসকের কার্যালয়ের দালাল মো. লিয়াকত হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মঙ্গলবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. মামুনুর রহমান ছিদ্দিকী দণ্ডপ্রাপ্ত আসামি বকুল এবং আসামিপক্ষের আইনজীবী ওয়ারিছ আলী ও মুহিউদ্দিনকেও মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ প্রথম আলোকে বলেন, মামলায় চারজনকে আসামি করা হয়েছিল। আদালতের নির্দেশে মামলায় আরও তিনজনকে অন্তর্ভুক্ত করা হবে। আসামিদের বিরুদ্ধে পুলিশ শিগগিরই আইনগত পদক্ষেপ নেবে।