৭ জেলায় বিএনপি ও জামায়াতের ৬২ জন গ্রেপ্তার
দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও যৌথ বাহিনীর পরিচালিত ‘বিশেষ অভিযান’ অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত সাত জেলায় পরিচালিত অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন বিএনপির ও ২৩ জন শিবিরের নেতা-কর্মী। বিভিন্ন মামলার আসামি আছেন ২২ জন। তাঁদের সবাইকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার স্বার্থে সন্ত্রাসীদের গ্রেপ্তারে এ অভিযান চালানো হচ্ছে।
সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রোববার রাত একটার দিকে নগরের মিরাবাজারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবির আন্দোলনে সিলেটে গঠিত ‘ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ’-এর আহ্বায়ক।
পুলিশ জানায়, জামালের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও পোড়ানোসহ হরতালে সহিংসতার একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিজিবি, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন বিএনপির ও ১৩ জন জামায়াতের নেতা-কর্মী। তাঁদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁদের মধ্যে বিএনপির ছয়জন, জামায়াতের একজন এবং বিভিন্ন মামলার আসামি ১৪ জন। উল্লেখযোগ্য হলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থানীয় বিএনপি নেত্রী সায়মা খাতুন। তাঁকে চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাওয়া তথ্যে জানা যায়, জেলার বিভিন্ন স্থানে চালানো অভিযানে জামায়াতের একজন কর্মীসহ বিভিন্ন মামলায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনায় অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন, বিএনপির একজন এবং বাকি চারজন বিভিন্ন মামলার আসামি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিবিরের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন।
নাটোরের লালপুর থানা জামায়াতের আমির আবদুল ওয়াহাব ও গোপালপুর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলফামারীর ডিমলা উপজেলায় জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিনুর রহমান (৫৫) ও সেক্রেটারি আমজাদ হোসেন (৫০)।
জামিন নামঞ্জুর: কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।