৭ মাস ধরে ‘চোখের মণির’ খোঁজে হয়রান পাঁচ নারী
রাজধানীর লালবাগের রাজ নারায়ণ ধর সড়কের চারতলা বাড়ির একটি ভাড়া কক্ষে চার মেয়েকে নিয়ে থাকেন সত্তোরোর্ধ আলেয়া বেগম।
পাঁচ নারীর ‘চোখের মণি’ ১০ বছর বয়সী ইয়ামিন। সে আলেয়ার মেয়ে জিয়াসমিন আক্তারের ছেলে। গত সাত মাস ধরে ইয়ামিনের কোনো খোঁজ নেই।
ইয়ামিনের খোঁজ পেতে এই নারীরা থানা–পুলিশ ও র্যাবের শরণাপন্ন হয়েছেন। তাঁদের ভাষ্য, তাঁরা আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সহায়তা পাননি। উল্টো কটূক্তি শুনেছেন। হয়রানির শিকার হয়েছেন।
পরে নারীরা আদালতে গেছেন। মামলা করেছেন। আদালত পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু পিবিআইও ইয়ামিনের খোঁজ দিতে পারেনি। কোথাও থেকে কোনো সুখবর না পেয়ে তাঁরা এখন কথিত পীরের কাছে ধরনা দিচ্ছেন।
নারীদের ভাষ্য, গত বছরের ২৪ নভেম্বর বাড়ির পাশের মারকাযুল হিকমাহ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে নিখোঁজ হয় ইয়ামিন। স্বজনেরা জমির লোভে ইয়ামিনকে লুকিয়ে রেখেছেন বলে তাঁদের সন্দেহ।
২৪ নভেম্বর থেকে কী কী পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই নারীরা, তার বিবরণ গত সোমবার লালবাগের বাসায় বসে দিচ্ছিলেন নারীরা।
ইয়ামিনের মা জিয়াসমিন আক্তার। তিনি জানান, তাঁর স্বামী আছে। কিন্তু তিনি আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন। তাঁর অন্য তিন বোন অবিবাহিত।
জিয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘শত্রু আমাদের আত্মীয়রাই। আব্বা মারা যাওয়ার পর থাইকাই এই শত্রুতা চলতেছে। তাঁরা ইয়ামিনরে উঠায়া নিছে।’
ফরিয়াদিরা যেন আসামি
পরিবারটি বলছে, বরিশাল ও মাদারীপুরের তাঁদের কিছু জমি আছে। এই জমি নিয়ে আত্মীয়দের সঙ্গে তাঁদের দ্বন্দ্ব আছে। জমি হাত করতেই তাঁরা তাঁদের ‘কলিজায়’ হাত দিয়েছে।
নিজেদের ভুক্তভোগী দাবি করে নারীরা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণে তাঁদের মনে হচ্ছে, তাঁরাই যেন আসামি।
চলতি বছরের এপ্রিলে আলেয়া বেগম প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিস কমপ্লেইন্ট সেলে চিঠি দেন বলে জানান নারীরা।
আলেয়ার অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিরা বুক ফুলিয়ে ঘোরাঘুরি করছেন। উল্টো তাঁরাই হয়রানির শিকার হচ্ছেন। কদিন বাদে তাঁদের অস্তিত্বই থাকবে না, এমন হুমকিও দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, তাঁরা নারী হওয়ায় প্রতিকার চাইতে গিয়ে অনেক বাজে কথা শুনেছেন। কেউ বলেছেন, নারী মানেই সাপের মতো পেঁচানো। কেউ বলেছেন, এঁরা সব অন্যায়ের গোড়া, চক্রান্তকারী। এঁদের পিটিয়ে...লাল করে দেওয়া দরকার।
কী ঘটেছিল
২৪ নভেম্বর মারকাযুল হিকমাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় ইয়ামিনকে সকালের খাবার দিতে যান তার খালা সীমা আক্তার।
সীমা বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তিনি মাদরাসায় পৌঁছান। মাদরাসার অধ্যক্ষ মো. ইমরান শিকদার তাঁকে বলেন, ইয়ামিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা বলার সময় ইমরান হাসছিলেন।
ঘটনার এক দিন আগে সীমা খাবার দিতে গিয়ে মাদরাসার অধ্যক্ষকে বলেছিলেন, ইয়ামিনকে নিয়ে তাঁরা ভয়ে আছেন। তাঁদের সঙ্গে বিরোধ থাকা আত্মীয়দের তিনি মাদরাসার আশপাশে ঘুরতে দেখেছেন। তাঁরা কোনোভাবেই যেন ইয়ামিনকে দেখতে না পান।
সীমা বলেন, আগে কয়েকবার মারপিট সহ্য করতে না পেরে মাদরাসা থেকে বেরিয়ে গিয়েছিল ইয়ামিন। পরে সে সন্ধ্যার দিকে বাসায় আসে। ২৪ নভেম্বর ইয়ামিনকে পাওয়া যাচ্ছে না শোনার পর তাঁরা আশপাশের সব জায়গায় খোঁজ করেন।
সপ্তাহখানেক ধরে খুঁজে না পেয়ে ১ ডিসেম্বর লালবাগ থানায় ইয়ামিনের মা জিয়াসমিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সীমার ভাষ্য, জিয়াসমিন অপহরণের মামলা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ মানা করে। সন্দেহভাজন আত্মীয়দের কথাও জিডিতে লিখতে দেওয়া হয়নি। ইয়ামিন মাদরাসা থেকে নয়, বরং বাসা থেকে হারিয়ে গেছে—এমন কথা লিখতে বাধ্য করা হয়।
পরিবারটির অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি বাড়িতে সিসি ক্যামেরা আছে। কিন্তু সেগুলোর ফুটেজ সংগ্রহে পুলিশ কোনো চেষ্টা করেনি।
থানায় সব কথা বলতে না পেরে জিয়াসমিনরা গত বছরের ৩ ডিসেম্বর র্যাব–১০–এর লালবাগ ক্যাম্পে যান। অভিযোগে বলা হয়, মা–বাবার নামে বরিশাল জেলায় কিছু জমি আছে। জমি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে মামলা চলছে। দুই বছর আগে মাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। তিন মাস আগে জজ কোর্টে মা ও পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। ইয়ামিনকে খুঁজে না পাওয়ার পেছনে তাঁদের হাত আছে বলে মনে হচ্ছে।
পরে আদালতে মামলা করে পরিবারটি। আদালতের নির্দেশে চলতি বছরের ২০ জানুয়ারি অভিযোগ তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সাত দিনের মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দিতে বলেন আদালত।
গত ১৮ জুন ইয়ামিনের মা–খালারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।
অধ্যক্ষ যা বলছেন
মাদরাসার অধ্যক্ষ ইমরান বলেন, যদিও ইয়ামিন আবাসিক মাদরাসাটির ছাত্র, কিন্তু তার নিখোঁজ হওয়ার দায় কর্তৃপক্ষের নয়।
কেন দায় নেই, জানতে চাইলে মাদরাসায় ভর্তির একটি ফরম এই প্রতিবেদককে ধরিয়ে দেন ইমরান। ফরমে মাদরাসা থেকে কোনো ছাত্র পালিয়ে গেলে বা কোনো বিপদে পড়লে মাদরাসা কর্তৃপক্ষের কোনো দায় নেই বলে লেখা আছে। এ ব্যাপারে কোনো কৈফিয়ত চাওয়া যাবে না বলেও ফরমে লেখা আছে।
পিবিআই, থানা–পুলিশ ও র্যাব যা বলছে
অপহরণের অভিযোগ থেকে বিবাদীদের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন দেয় পিবিআই।
তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম প্রতিবেদনে লিখেছেন, ইয়ামিন আগেও ২০ বার মাদরাসা থেকে পালিয়েছে। দু-একদিন পর তার মা তাকে মাদরাসায় দিয়ে গেছেন।
প্রতিবেদনে পিবিআই সাক্ষী হিসেবে বক্তব্য নেয় মোহাম্মদ উল্যাহ ও সালমান নামের দুই ছাত্রের। মাদরাসার অধ্যক্ষ ইমরান নিশ্চিত করেছেন, মোহাম্মদ উল্যাহ তাঁর ভাইপো। সালমান ভাগ্নে।
তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি জানতেন না, মোহাম্মদ উল্যাহ ও সালমান মাদরাসার অধ্যক্ষের আত্মীয়। তবে এই দুজন ছাড়াও তিনি মাদরাসার অন্য ছাত্রদের সঙ্গে কথা বলেছেন।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মো. জাফর বলেন, ইয়ামিনের বিষয়ে জিডির তদন্ত স্থগিত আছে। কারণ, ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন। পিবিআই বিবাদীদের অব্যাহতি চেয়েছে। তারা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। তাঁর বিরুদ্ধে ইয়ামিনের মা-খালাদের করা অভিযোগ অসত্য।
অবশ্য পিবিআই বলছে, বিবাদীদের অব্যাহতি চাওয়া হলেও ইয়ামিন যে নিখোঁজ, এ কথা সত্য। পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে—এই অজুহাতে জিডির তদন্ত বন্ধ রাখার সুযোগ নেই।
জানতে চাইলে র্যাব-১০–এর লালবাগ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রথমে বলেন, পিবিআই প্রতিবদেন দিয়েছে। পরে অবশ্য তিনি বলেন, তাঁরা ইয়ামিনকে খুঁজছেন।
অভিযোগকারী নারীদের কটূক্তি করা হয়েছে বলে যে অভিযোগ, তা অস্বীকার করেন আবুল কালাম আজাদ।
আইজিপি’স কমপ্লেইন্ট সেলে অভিযোগ তদারকি করেন পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার কে এন রায় নিয়তি। তিনি এই মামলার অগ্রগতি সম্পর্কে কিছু বলতে রাজি হননি। অভিযোগকারী নারীদের হুমকি দেওয়া প্রসঙ্গেও তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
ইয়ামিনের জন্য অপেক্ষা
যেকোনো মূল্যে ইয়ামিনকে ফিরে পেতে চায় পরিবারটি। এ জন্য গত ১৮ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তারা।
পরিবারটির ভাষ্য, ১৮ জুনের পর মাদরাসার অধ্যক্ষ কয়েকবার তাঁদের বাসায় ছাত্র পাঠিয়েছেন। তারা ইয়ামিনকে একেকবার একেক জায়গায় দেখেছে বলে জানায়। তারা ইয়ামিন সম্পর্কে নানান বিভান্তিকর কথা বলে।
পরিবারটি বলছে, নানা হয়রানির শিকার হওয়ার পরও তারা ইয়ামিনের জন্য পথ চেয়ে আছে। বিভিন্ন নম্বর থেকে তাদের ফোনে কল আসে। কখনো তারা ইয়ামিন সেজে কথা বলে, কখনো পুলিশ সেজে কথা বলে, কখনো টাকার লোভ দেখায়।
জিয়াসমিনের বোনেরা এই ফোন নম্বরগুলো খাতায় তুলে রাখেন। তাঁদের আশা, একদিন এই নম্বরগুলো ট্র্যাক করে হয়তো জানা যাবে ইয়ামিন কোথায়।
পাঁচ নারীর সংসারে জিয়াসমিন তৈরিপোশাক কারখানায় কাজ করেন। অপর তিনবোন অলঙ্কারে পাথর বসান। কখনো কাপড় সেলাই করেন। কখনো জুতোয় পাথর–চুমকি লাগান। তাঁদের ধারণা, তাঁদের টাকার জোর নেই বলেই কেউ ইয়ামিনকে খুঁজে দিচ্ছে না।