৭ হাজার জাটকা মাছ জব্দ, ৪ জনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা ধরা নিষিদ্ধ হলেও দেদারসে চলছে ইলিশের জাটকা নিধন। আজ এমনই সাত হাজার জাটকার একটি চালানসহ ফরিদপুরে চার ব্যবসায়ী ধরা পড়েন র‍্যাবের হাতে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ছবিটি ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া এলাকার জনতা মৎস্য আড়তের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
জাটকা ধরা নিষিদ্ধ হলেও দেদারসে চলছে ইলিশের জাটকা নিধন। আজ এমনই সাত হাজার জাটকার একটি চালানসহ ফরিদপুরে চার ব্যবসায়ী ধরা পড়েন র‍্যাবের হাতে। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ছবিটি ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া এলাকার জনতা মৎস্য আড়তের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো

ইলিশের সাত হাজার জাটকাসহ আটক ফরিদপুরে চার ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এ মাছ বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া এলাকার জনতা মৎস্য আড়তের সামনে এ ঘটনা ঘটে। পরে মাছগুলো ২০টি এতিমখানা ও মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়।

দণ্ড পাওয়া চারজন হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের মো. মাসুদ রানা (৩০), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের মো. আমির হোসেন (২৫), বরিশাল কাজীরহাট উপজেলার খণ্ড ভাষাণচর গ্রামের মো. আলাল ঘরামী (৪৫) ও একই এলাকার মো. জামাল মাতুব্বর (৪২)।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, কয়েক জন মাছ ব্যবসায়ী মাছের একটি চালান নিয়ে ওই আড়তের সামনে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) মনদীপ ঘরাই। এ সময় ওই মাছ ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাঁদের আটক করেন। পরে ৭ হাজার কেজি জাটকা ইলিশসহ একটি মিনি ট্রাক আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনদীপ ঘড়াই বলেন, পরে ঘটনাস্থলে আদালত বসিয়ে আটক চার ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ট্রাকচালক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইছাইল গ্রামের মো. মোফাজ্জল (৩০)-কে আটক করা হয়েছে। ট্রাকের মালিক খবর দেওয়া হয়েছে। তিনি এলে চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।