র্যাব-পুলিশ অভিযান চালিয়ে পাবনার ঈশ্বরদীর ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে এক ছাত্রলীগ কর্মীর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চারটি ম্যাগজিন ও ২০টি গুলি উদ্ধার করা হয়। শহর ও পাকশী এলাকায় গত মঙ্গলবার বিকেলে র্যাব-পুলিশ পৃথক ওই অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ছাত্রলীগ কর্মী রাফিকুল ইসলাম ওরফে রাফিক (৩৫) ও পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম ওরফে পিন্টু (৩০)।
র্যাব সূত্রে জানা যায়, শহরের পৌর এলাকা পাড়ার রাফিকুলকে মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী শহর থেকে গ্রেপ্তার করে পাবনা র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। রাফিকুলের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। ক্যাম্পে জিজ্ঞাসাবাদের পর তাঁকে নিয়ে ঈশ্বরদীতে অস্ত্র উদ্ধারে বের হন র্যাব সদস্যরা। রাফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী, র্যাব অভিযান চালিয়ে তাঁর হেফাজতে থাকা দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, চারটি ম্যাগাজিন ও ২০টি গুলি উদ্ধার করে। এ ছাড়া সদরুল আলমকে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাস মুঠোফোনে বলেন, রাফিকুল ছাত্রলীগের কোনো পদে নেই। তবে তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে উপজেলা ছাত্রলীগের স্বঘোচিত সহসভাপতি হিসেবে পরিচয় দিচ্ছিলেন। তবে সদরুল পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক প্রথম আলোকে বলেন, ১৮ মে শহরের কলেজ রোডে মুক্তিযোদ্ধা আজমল হক বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাসের শহীদ আমিনপাড়ার বাড়িসহ শহরের দুটি দোকানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের আলোচিত ৩টি মামলার অন্যতম আসামি রাফিকুল। এ ছাড়া রাফিকুলের বিরুদ্ধে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম ওরফে আলমকে হত্যা, নৌবাহিনীর সদস্য ও তাঁর পরিবারের লোকজনদের মারধর, বাড়িঘরে হামলা-ভাঙচুর করাসহ পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া সদরুল আলম ১৮ মের আলোচিত তিন মামলার আসামি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, সদরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া রাফিকুলকে এখনো থানায় সোপর্দ করা হয়নি।