৭০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ডলার ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন l ছবি: প্রথম আলো
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ডলার ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেন l ছবি: প্রথম আলো

ঢাকা ও নারায়ণগঞ্জে গত মঙ্গলবার অভিযান চালিয়ে জাল নোট তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাঁদের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকার দেশি-বিদেশি জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

পুলিশ বলেছে, গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৪০), মো. জাহাঙ্গীর (৩৫), মো. নিজাম (৩৫), মো. শহিদ (২৭), মাস্টার আবদুর রহিম (৩৭), মো. জাকির (২০), মো. মাহমুদ (৩২), মো. বাবুল হোসেন (৩০), আলামিন (৪১) ও আলকাস শেখ (৩২)।

গতকাল বুধবার ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ডিবির ডাকাতি ও দস্যুতা প্রতিরোধ দলের সদস্যরা মঙ্গলবার মীর হাজিরবাগে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত জাহাঙ্গীর, নিজাম (৩৫) ও শহিদকে (২৭) গ্রেপ্তার করেন। তাঁদের তথ্যের ভিত্তিতে পরে বাড্ডা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, জাল টাকা তৈরির মূল হোতা রফিকুল ইসলাম ওরফে রফিক। রফিকুল জিজ্ঞাসাবাদে বলেছেন, ১৫ বছর ধরে তিনি এই জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি আগে জাল নোটের হোতা মাস্টার সগীরের সঙ্গে থেকে জাল টাকা বানাতে শেখেন। পরে তিনি জাল নোট চক্রের প্রধান মাস্টার জাকির, মাস্টার বাদশা ও মাস্টার মুজিবের সঙ্গে ব্যবসা করতেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ ও মো. সাজ্জাদুর রহমান।