৭০ হাজার ইয়াবা বড়ি রেখে পালাল পাচারকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবির টহল দল দেখে ইয়াবা পাচারকারীরা নৌকায় প্রায় দুই কোটি টাকার ৭০ হাজার ইয়াবা বড়ি রেখে পালিয়ে গেছে। পরে নৌকাসহ ওই ইয়াবা বড়িগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইসগেটের বেড়িবাঁধ এলাকা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, শাহপরীর দ্বীপের ৫ নম্বর স্লুইসগেটের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসতে থাকে পাচারকারীরা। ওই সময় বিজিবির টহল দল দেখে তারা নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে। বিজিবির টহল দল পাচারকারীদের ধাওয়া করলে নৌকায় থাকা পাচারকারীরা নাফ নদীতে লাফিয়ে প্যারা বনে ঢুকে পালিয়ে যায়। পরে পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশি চালালে একটি পলিথিন ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে। জব্দ করা নৌকাটি টেকনাফ শুল্ক স্টেশনে হস্তান্তর করা হয়েছে।