৭০ হাজার ইয়াবাসহ দুটি নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা বড়িসহ দুটি নৌকা জব্দ করেছে। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি।

আজ শনিবার ভোর চারটা থেকে বেলা ১১টা পর্যন্ত টেকনাফ উপজেলার হ্নীলার মোচনিপাড়া-সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ ও জাদিমুরা বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

টেকনাফ বিজিবির একটি সূত্র জানায়, আজ ভোররাত চারটার দিকে ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে একটি দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনিপাড়া সংলগ্ন এলাকায় নাফ নদীতে টহল দিচ্ছিল। সন্দেহ হওয়ায় বিজিবির দলটি একটি নৌকাকে থামতে সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে নৌকাটি বেড়িবাঁধে রেখে পাচারকারীরা পার্শ্ববর্তী কেওড়া প্যারাবনে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে দুটি প্যাকেটের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। অন্যদিকে, মিয়ানমার থেকে মাছধরার নৌকায় ইয়াবার একটি বড় চালান টেকনাফে আনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি টহল দল সকাল থেকে উপজেলার হ্নীলার জাদিমুরা বৌদ্ধ মন্দির এলাকার সংলগ্ন নাফ নদীর প্যারাবন পয়েন্টে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশ অংশে প্রবেশের সময় নৌকাটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় নৌকা থেকে দুজন সাঁতরে মিয়ানমারের জলসীমানা অতিক্রম করে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ছয়টি প্যাকেটের ভেতর থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি ও নৌকাটি জব্দ করা হয়।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, পৃথক অভিযানে দুটি নৌকা জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা।