৭০০ দখলদারের ২০০ উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আগে থেকে উচ্ছেদ নোটিশ, তিন দিন ধরে মাইকিং করার পর বগুড়ায় লোক-দেখানো অভিযান পরিচালনার করেছে রেলওয়ে। গতকাল মঙ্গলবার বগুড়া রেলস্টেশন থেকে চেলোপাড়া পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেলপথের দুই পাশে কোনো স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়নি। রেলপথের দুই পাশের বিপৎসীমানার মধ্যে কয়েক শ স্থায়ী স্থাপনা ও দোকানপাট থাকলেও অভিযানে শুধু রেললাইনের ওপর ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বগুড়া রেলওয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, উচ্ছেদ অভিযান থেকে প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা, মার্কেট ও দোকানপাট বাদ রাখতে শেষ মুহূর্তে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে।
তবে রেলের ভূসম্পত্তি বিভাগের কানুনগো মোকাররম হোসেন দাবি করেন, যে ৭০০ জনকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছিল তা সবই ছিল অস্থায়ী ও ভাসমান দখলদার। স্থায়ী যেসব স্থাপনা রয়েছে—তা রেলওয়ে থেকে ইজারা নেওয়া জায়গায়। রেলওয়ে এসব স্থাপনা উচ্ছেদ করবে না। রেলবিধি অনুযায়ী রেলপথের দুই পাশে বিপজ্জনকঘোষিত ১৫ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা থাকা ঝুঁকিপূর্ণ কি না জানতে চাইলে তিনি দাবি করেন, বিপজ্জনক সীমানায় কোনো স্থাপনা নেই। থাকলেও সেই জায়গা রেলওয়ে ইজারা দিয়েছে। এসব ইজারা বাতিলের কোনো পরিকল্পনা রেলওয়ের নেই।
রেলওয়ে সুত্র জানায়, লালমনিরহাট-শান্তাহার রেলপথের বগুড়া শহরের পুরান বগুড়া রেলগেট থেকে চেলোপাড়া পর্যন্ত দুই পাশে কয়েক হাজার স্থাপনা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রেলের ভূসম্পত্তি বিভাগের লালমনিরহাট অঞ্চলের একশ্রেণির কর্মকর্তার যোগসাজশে ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থাকা প্রভাবশালী মহল রেলওয়ে থেকে ইজারা নেওয়ার কাগজপত্র তৈরি করে রেলপথের বিপৎসীমানার মধ্যেই স্থায়ী মার্কেট, দোকানপাট ও বিপণিকেন্দ্র গড়ে তোলে।
এ ছাড়া স্টেশনের সামনে রেলপথের ওপরই বসানো হয় সারা বছরের বাজার ‘হঠাৎ মার্কেট’। এ বাজার থেকে বছরে কোটি টাকার চাঁদা তুলে তা রেলওয়ের কর্মকর্তা ও প্রভাবশালী ওই মহল ভাগ-বাঁটোয়ারা করে নেয়।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের ওপর বসা বাজারকে কেন্দ্র করে ট্রেনে কাটা পড়ে প্রাণহানির ঘটনা ঘটে। এরপর বগুড়ার অবৈধ বাজার ও রেলপথের দুই পাশের বিপজ্জনক সীমানার স্থাপনাকে কেন্দ্র করে প্রাণহানির আশঙ্কা করেন রেলওয়ের কর্মকর্তারা। তাঁরা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রেলওয়ের ভূসম্পত্তি বিভাগে চিঠি দেন। গত ১৪ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘হুইসেল বাজে, দোকান সরে’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এতে করে অবৈধ দখলদার উচ্ছেদে নড়েচড়ে বসে রেলওয়ে। উচ্ছেদের নোটিশ দেওয়ার হয় ৭০০ দখলদারের কাছে।
রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, যে ৭০০ জনকে উচ্ছেদ নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে অবৈধ দখলদারের পাশাপাশি ইজারাগ্রহীতাও রয়েছেন। বিপৎসীমানার মধ্যে যেসব দখলদার রয়েছেন, তাঁদের প্রত্যেককেই নোটিশ পাঠানো হয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বেলা ১১টায় বগুড়া রেলস্টেশনের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহার নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও রেলওয়ের নিরাপত্তাকর্মী অভিযানে অংশ নেন। অভিযান তদারকি করেন আশীষ কুমার সাহা।
অভিযানের পরপরই ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, অভিযানের কথা জানিয়ে দুই দিন ধরে মাইকিং করায় রেলপথের ওপর বসা বাজার হঠাৎ মার্কেটের ব্যবসায়ীরা আগে থেকেই দোকানপাট সরিয়ে নিয়েছিলেন।
রেলস্টেশন থেকে চেলোপাড়া সেতু পর্যন্ত রেলপথের দুই পাশে প্রতিদিন যেসব অস্থায়ী দোকানপাট বসত, তা এক দিন
আগেই সরিয়ে নেওয়া হয়। বাদ থাকে শুধু রেলপথের দুই পাশে গড়ে ওঠা স্থায়ী স্থাপনা। কিন্তু অভিযানকারীরা এসব স্থায়ী স্থাপনার একটিও উচ্ছেদ করেননি।
বেলা সাড়ে ১১টায় চকযাদু সড়কসংলগ্ন রেলপথের ওপর গড়ে তোলা কয়েকজন ব্যবসায়ী জানান, তাঁরাও উচ্ছেদ নোটিশ পেয়েছিলেন। তবে মালামাল সরাননি। নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী বলেন, ‘নোটিশ দিলেই হলো? টেকা খ্যায়া কাগজ করে দিবি আবার রেলের লোকজন উচ্ছেদও করবি। লিডারেগরক ধরে সব ম্যানেজ করেচি। টেকা দিলেই সব ঠান্ডা।’
আশীষ কুমার চক্রবর্তী বলেন, সময়ের স্বল্পতার কারণে স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা যায়নি। ৭০০ দখলদারকে নোটিশ দেওয়া হলেও উচ্ছেদ করা সম্ভব হয়েছে ২০০ জনকে। কোনো মহলের প্রভাবে লোক-দেখানো অভিযান চালানো হয়েছে—এমনটা সত্য নয়। তা ছাড়া ভূসম্পত্তি বিভাগের কানুনগোর বিরুদ্ধে অর্থ লেনদেনের কেউ কোন লিখিত অভিযোগ করেননি।