৭২ কনটেইনার পণ্য জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ১১ কোটি টাকা মূল্যের ৭২ কনটেইনার ভর্তি ১ হাজার ৭২৩ মেট্রিক টন ‘পিভিসি রেজিন’ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল বুধবার এসব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বলেন, শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির অনুমতিপত্র জাল করে এসব পণ্য আমদানি করে গাজীপুরের টঙ্গী এলাকার মেসার্স গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের প্রত্যয়নপত্র জাল করে এসব পণ্য আমদানি করে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বাণিজ্যিক ভিত্তিতে আমদানি করা হলে এসব পণ্যের শুল্ক-কর দিতে হতো ৩ কোটি ৪৫ লাখ টাকা।
পিভিসি রেজিন দিয়ে প্লাস্টিক সামগ্রী তৈরি করা হয়।