৭২ কোটি টাকার কাজের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ে পূর্বাঞ্চলের ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বারবার সংঘর্ষে জড়াচ্ছেন যুবলীগ ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত দুই নেতার অনুসারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা এ কথা বলেছেন।
এদিকে পুলিশ বলছে, বহিষ্কৃত ওই দুই নেতার বিবাদে জড়িয়ে পড়েছেন ছাত্রদলের স্থানীয় কিছু কর্মীও।
যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম ওরফে লিমনের অনুসারীদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে। ১ নভেম্বর সিআরবির সাত রাস্তার মোড়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হন। এর আগে গত ১২ অক্টোবর বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে একই জায়গায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ২০১৩ সালের ২৪ জুন সিআরবি এলাকায় সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়। ওই ঘটনায় লিমন ও বাবরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান।
রেলওয়ে সূত্র জানায়, পূর্ত কাজের জন্য গত অর্থবছরে ৭০ কোটি টাকা এবং চলতি অর্থবছরে ৭২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। পূর্ত কাজের মধ্যে রয়েছে স্টেশন, প্ল্যাটফর্ম ও বাসাবাড়ি সংস্কার এবং নির্মাণ; রাস্তা কার্পেটিং ও রেললাইন সংস্কার।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলের একাধিক ঠিকাদার বলেন, যিনি সর্বনিম্ন দরদাতা মনোনীত হন, কার্যাদেশ পাওয়ার আগেই তাঁকে ১০ শতাংশ কমিশন দিতে হয়। এই কমিশন-বাণিজ্য মূলত বাবরের নিয়ন্ত্রণে। লিমন এতে ভাগ বসাতে সিআরবি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এ কারণে বহিষ্কৃত ওই দুই নেতার অনুসারীরা বারবার সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। শিডিউল কেনা ও দরপত্র জমা দেওয়ার দিন দুই পক্ষের অনুসারীরা সিআরবি ও আশপাশের এলাকায় অবস্থান নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার গতকাল সোমবার বলেন, ‘রাজনৈতিক ক্যাডারদের কমিশন দিয়ে কাজ শুরু করতে হয়। এটা ওপেন সিক্রেট। ক্যাডারদের উৎপাত সহ্য করার মতো নয়।’
ছাত্রলীগ থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমন বলেন, ‘আমি রেলের তালিকাভুক্ত ঠিকাদার। আমি ঠিকাদারি কাজ করে খাই। কোনো ঠিকাদার থেকে কমিশন নিই না। বরং বাবর ভাই পাঁচ-ছয় মাস আগে আমার কাছ থেকে ১০ শতাংশ কমিশন নিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মতো প্রত্যেক ঠিকাদার থেকে কার্যাদেশের আগে ১০ শতাংশ কমিশন নেন বাবর ভাই। তাঁর লোকজন সিআরবি এলাকায় এসে ঝামেলা পাকান, সন্ত্রাস করেন।’
তবে কমিশন নেওয়ার অভিযোগ অস্বীকার করে হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর বলেন, ‘লিমনকে প্রমাণ দিতে হবে, আমি কোন কাজের বিপরীতে কমিশন নিয়েছি। ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেওয়া দূরে থাক, আমি সিআরবি এলাকায়ও যাই না।’ তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে শেকড় নেই বলে লিমন সিআরবি এলাকার নিয়ন্ত্রণ নিতে চান। তিনি প্রকাশ্যে অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছেন।’
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. কামরুল আহসান বলেন, ‘নিয়ম মেনে আমরা সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দিই। বাইরে কী ঘটছে, সেটা আপনারা ভালো জানেন। আমাদের এ বিষয়ে বলার কিছু নেই।’
রেলওয়ের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) আতাউল হক ভুঞা জানান, পূর্বাঞ্চলের তালিকাভুক্ত ঠিকাদারের সংখ্যা ১ হাজার ১৮৭ জন। গত অর্থবছরে (২০১৪-১৫) পূর্বাঞ্চলে ১২৬টি পূর্ত কাজের কার্যাদেশ দেওয়া হয়। এই অর্থবছরে কয়েকটি কাজের দরপত্র আহ্বান করা হলেও এখনো কার্যাদেশ দেওয়া হয়নি।
এদিকে পুলিশ বলছে, বাবর ও লিমনের বিবাদের সঙ্গে ছাত্রদলের কিছু কর্মীও জড়িয়ে পড়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বহিষ্কৃত ওই দুই নেতার বিবাদে ছাত্রদলের কয়েকজন কর্মীও জড়িত। ১ নভেম্বরের সংঘর্ষের ঘটনায় করা মামলার ৫৪ আসামির মধ্যে আলাউদ্দিন, জেকিসহ ছাত্রদলের সাত কর্মীও রয়েছেন।
তবে মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, ‘সিআরবিতে যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অথচ হয়রানি করতে আমাদের কর্মী আলাউদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ মামুন, সাইফুল ইসলাম, জেকি, রাব্বী ও তুষারকে আসামি করা হয়েছে।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর যুবদলের এক নেতা বলেন, গোয়ালপাড়ার পূর্ব দিকের বাসিন্দা ছাত্রদলের কিছু কর্মী বাবরের সঙ্গে এবং সাত রাস্তার মাথার পশ্চিম ও দক্ষিণ দিকের কিছু কর্মী লিমনের সঙ্গে জড়িয়ে পড়েছেন।