৭৪২ বিঘা খাসজমি, খাল ও জলাশয় বেদখল
বাগিচারটেক ও মোহনপুর রাজধানীর উপকণ্ঠ সাভারের কাউন্দিয়া ইউনিয়নের পাশাপাশি দুটি গ্রাম। একসময় এই দুই গ্রামের সীমানা ঘেঁষে প্রবহমান ছিল কাউন্দিয়া খাল। সেই খাল এলাকাবাসীর কাছে এখন শুধুই স্মৃতি। প্রভাবশালীরা তা দখল করে পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। কিন্তু স্থানীয় ভূমি কার্যালয়ে এ বিষয়ে কোনো তথ্য নেই।
কাউন্দিয়া ইউনিয়নের অর্পিত, খাসজমিসহ খাল ও জলাশয়-সংক্রান্ত তথ্য জানতে চেয়ে সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে গত ২৪ মে তথ্য অধিকার আইনে আবেদন করে প্রথম আলো। ১৫ জুন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে তথ্য সরবরাহ করা হয়।
ওই তথ্যে কাউন্দিয়ার তিনটি মৌজার প্রায় ৬ বিঘা অর্পিত আর ৭৪২ বিঘা খাসজমিসহ খাল ও জলাশয়ের অস্তিত্বথাকার কথা বলা আছে। এসব জমি, জলাশয়সহ খাল সরকারের দখলে থাকার কথাও বলা হয়েছে তথ্যে। কিন্তু সরেজমিনে এসব জমি সরকারের দখলে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বাগিচারটেক গ্রামের আলী হোসেন, নূরুল আমিনসহ আরও অনেকে বলেন, মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন তুরাগ নদের শাখা থেকে বাগিচারটেক ও মোহনপুর গ্রামের ভেতর দিয়ে সিঙ্গাসার পর্যন্ত প্রায় ৫০ ফুট প্রশস্ত একটি খাল প্রবহমান ছিল। বছর দুয়েক আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সেই খাল ভরাট করে বিক্রি করে দিয়েছেন।
সাইফুল ইসলামের কাছ থেকে খালের দেড় শতাংশ জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন মিন্টু মিয়া। দেড় বছরের বেশি সময় ধরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ওই বাড়িতে বসবাস করছেন।
মিন্টু মিয়া বলেন, খাল ভরাটের পর সাইফুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকায় তিনি ওই জমি কিনেছেন। তবে তাঁকে কোনো দলিল বা কাগজপত্র দেওয়া হয়নি।
মিন্টু ছাড়াও টাকার বিনিময়ে খালের দখল নিয়ে বাড়ি করেছেন বাদল মিয়া, আবুবক্করসহ আরও অন্তত ৩০টি পরিবারের লোকজন। কোনো কাগজপত্র ছাড়া তাঁদের অনেকে বিদ্যুতের সংযোগও পেয়েছেন। বাদল মিয়া বলেন, ‘সাইফুল চেয়ারম্যান আমাগো কইচে, আমি যত দিন জীবিত আছি, তত দিন কোনো অসুবিদা অইবো না। হেই ভরসায়ই টাকা দিচি।’
খাল দখল করে একতলা পাকা ভবন নির্মাণ করা হয়েছে বাগিচারটেক বহুমুখী সমবায় সমিতির নামেও। সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, সমিতির কার্যক্রম চালানোর জন্য সাইফুলের কাছ থেকে অনুমতি নিয়েই সরকারি জমির ওপর ভবনটি নির্মাণ করেছেন তাঁরা।
জানতে চাইলে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউনিয়নবাসীর চলাচলের সুবিধার জন্য খাল ভরাট করা হয়েছিল। পরে সেখানে ভূমিহীনদের থাকতে দেওয়া হয়েছে। খাসজমির দখল দিয়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।
খালের পাশেই মোহনপুর এলাকায় কয়েক বিঘা খাসজমি ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ড্রিমল্যান্ড রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ব্যক্তিমালিকানাধীন জমির সঙ্গে দুই থেকে তিন বিঘা খাসজমি বন্দোবস্ত নিয়ে ভরাট করা হয়েছে। খাসজমি বিক্রির কথা তিনি অস্বীকার করেন।
দখলের কারণে অস্তিত্ব হারাতে বসেছে কাউন্দিয়ার নয়াবাজার খালটিও। সেখানে খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে পাকা ও আধা পাকা স্থাপনা। খালের ওপর দোতলা বাড়ি নির্মাণ করেছেন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব। তিনি আরও জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে আবু তালেব কোনো মন্তব্য করতে রাজি হননি।
নয়াবাজারের পাশের পাঁচকানি এলাকায় সরকারি হালট দখলেরও অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে। অন্তত ১৫টি পরিবার হালট দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে।
এভাবে শুধু খাল বা সরকারি খাসজমি নয়, কাউন্দিয়ায় অর্পিত সম্পত্তিও সরকারের দখলে থাকার প্রমাণ পাওয়া যায়নি। অর্পিত সম্পত্তি ইজারা দেওয়া হলে ওই জমিতে ‘অর্পিত সম্পত্তি’ মর্মে সাইনবোর্ড ঝোলানো বাধ্যতামূলক। কিন্তু গোটা এলাকায় এ রকম কোনো সাইনবোর্ড চোখে পড়েনি।
তথ্য অধিকার আইনে করা আবেদনে অর্পিত ও খাসজমি বন্দোবস্ত বা লিজ দেওয়া হয়ে থাকলে লিজ গ্রহীতাদের নাম, ঠিকানা ও জমির পরিমাণ জানতে চাওয়া হয়েছিল। সরবরাহ করা তথ্যে অর্পিত সম্পত্তি লিজ দেওয়ার কথা স্বীকার করা হলেও লিজ গ্রহীতাদের নাম-ঠিকানা সরবরাহ করা হয়নি।
আবেদনে খাসজমির অবৈধ দখলদারদের তথ্য জানতে চাওয়া হলে সে বিষয়ে কোনো তথ্য না দিয়ে সরবরাহ করা তথ্যে খাসজমি সরকারের দখলে থাকার কথা বলা হয়েছে।
কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খান বলেন, কাউন্দিয়ার সব অর্পিত, খাসজমিসহ খাল ও জলাশয় প্রভাবশালীদের দখলে। সরকারের পক্ষ থেকে এসব অবৈধ দখলদারকে উচ্ছেদে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অসম্পূর্ণতথ্য দেওয়াপ্রসঙ্গে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা বলেন, এমন হয়ে থাকলে পুনরায় তদন্ত করে সঠিক তথ্য সরবরাহের ব্যবস্থা করা হবে।