৭৬টি বোমা, ১৫০ কেজি বিস্ফোরকসহ সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গতকাল বোমা, বিস্ফোরকসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গতকাল বোমা, বিস্ফোরকসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব l ছবি: প্রথম আলো

বাঁশখালীর পাহাড়ের পর এবার চট্টগ্রামের একটি বাসা থেকে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক, গুলি, বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁদের মধ্যে একজন নারীও রয়েছেন। তাঁরা জঙ্গি তৎপরতায় যুক্ত এবং বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি করেছে র্যা ব। তবে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁরা যুক্ত, সে বিষয়ে র্যা ব কোনো তথ্য দিতে পারেনি।
গতকাল শনিবার সকালে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার কে ব্লকের ১ নম্বর লেনের একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ৭৬টি তাজা বোমা, ১৫০ কেজি বিস্ফোরক, বোমা তৈরির ৩০ ধরনের সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করে র্যা ব-৭। তাঁরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের ফয়জুল হক, তাঁর বোন রহিমা আক্তার, একই এলাকার জাহেদুল আলম, বাগেরহাটের মোরেলগঞ্জের কচুবুনিয়া এলাকার আবদুল হাই। তাঁদের কারও সঙ্গে কথা বলতে দেয়নি র্যা ব।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারী থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। র্যা বের দাবি, তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি বাঁশখালীর ‘জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র’ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের কাউকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেনি র্যা ব কিংবা পুলিশ।
হালিশহরের অভিযান নিয়ে ব্রিফ করতে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ। পাঁচতলা ওই বাড়ির পাশে সংবাদ সম্মেলনে তিনি জানান, হাটহাজারী ও বাঁশখালীতে গ্রেপ্তার জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বসুন্ধরা আবাসিক এলাকায় এ বাড়ির মালিক আমেরিকাপ্রবাসী এক ব্যক্তি। সংবাদ সম্মেলনের আগে র্যা বের উপস্থিতিতে ওই বাসায় গিয়ে দেখা যায়, একটি কক্ষে বস্তাভর্তি পিটি শু, জঙ্গল বুট (জুতা), জিহাদি বই, লিফলেট, ইসলামী ছাত্রী সংস্থার ডায়েরিসহ সংগঠনের বিভিন্ন কাগজপত্র পড়ে আছে। একটি বেডরুমে বিভিন্ন বাক্সে ৭৬টি তাজা বোমা, ১৫০ কেজি বিস্ফোরক পদার্থ, ৩০ প্রকারের বোমা তৈরির সরঞ্জাম, ২৪ রাউন্ড শটগানের গোলাবারুদ, বিপুল পরিমাণ ব্যাটারি, বাল্ব, ইলেকট্রিক তার, বোমা বানানোর জন্য মাস্ক ও গ্লাভস দেখা যায়।
গ্রেপ্তার ফয়জুল হক আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের কলেজ শাখার অফিস সহকারী বলে জানান তাঁর মা মোর্শেদা বেগম।
বেনজীর আহমেদ জানান, গ্রেপ্তার জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। তারা দেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। উদ্ধার করা বোমাগুলো দিয়ে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন চালানো যেত। ফ্লাস্ক আকৃতির বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, যে কেউ এগুলো নিয়ে হাঁটলে মনে হবে বাচ্চাদের ফ্লাস্ক। অথচ এসব প্রাণঘাতী বোমা।
এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, পেট্রলবোমা সন্ত্রাস জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। গ্রেপ্তার জঙ্গিদের সঙ্গে আল-কায়েদা ও আইএসের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওই ভবনের ভাড়াটেদের সঙ্গে কথা বলতে চাইলেও র্যা ব বাধা দেন। তৃতীয় তলার এক ভাড়াটে বলেন, ‘এক মাস আগে ওই বাসায় ভাড়াটিয়া এসেছে শুনেছি। তাদের কারও সঙ্গে কথা হয়নি। র্যা ব আসার পর জানতে পারি এ বাসায় বোমা তৈরির সরঞ্জাম আছে।’ ভাড়াটেরা জানান, বাড়িটির তত্ত্বাবধায়ক সোহাগ নামের এক ব্যক্তি। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
র্যা বের মহাপরিচালকের ব্রিফিং শেষে বেলা একটার দিকে ওই বাসায় গিয়ে মোর্শেদা বেগমের সঙ্গে কথা বলতে চাইলে র্যা ব সদস্যরা বাধা দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘দুই দিন আগে জিনিসগুলো এক লোক আমাদের বাসায় দিয়ে গেছে।’ লোকটা কে? আইনশৃঙ্খলা বাহিনীকে কেন জানাননি—জানতে চাইলে ওই কক্ষের দরজা বন্ধ করে দেন র্যা ব সদস্যরা। বেলা পৌনে দুইটার দিকে আবার তাঁর সঙ্গে কথা বলতে চাইলেও র্যা বের বাধায় কথা বলা যায়নি।
র্যা ব-৭-এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানান, তিন দিন ধরে হালিশহরের বাসাটি পর্যবেক্ষণে রেখে অভিযান চালানো হয়। ফয়জুলের মায়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এখন কত কথাই বলবে। এগুলো তাঁদের বাসা থেকে উদ্ধার করেছে র্যা ব।’
প্রথম আলোর চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, হালিশহর থেকে গ্রেপ্তার মো. ফয়জুল হকের ভাই আজিজুল হক। বাঁশখালীর লটমনি পাহাড়ে তাঁর খামারে গত ২২ ফেব্রুয়ারি অভিযান চালায় র্যা ব। এটি মাওলানা মোবারক ও আজিজ পরিচালনা করেন। ওই অভিযানে তাঁদের গ্রেপ্তার করা যায়নি।