৭৭ মেট্রিক টন ভারতীয় স্ল্যাব জব্দ করল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর-সংলগ্ন এলাকা থেকে গত শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চারটি কাভার্ড ভ্যান ভর্তি সাড়ে ৭৭ মেট্রিক টন ভারতীয় গ্রানাইট স্ল্যাব জব্দ করেছে।
জানতে চাইলে সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন প্রথম আলোকে বলেন, ভারত থেকে বিপুল পরিমাণ গ্রানাইট স্ল্যাব বৈধ কাগজপত্র ছাড়াই ভোমরা স্থলবন্দর এলাকা দিয়ে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে স্থলবন্দর-সংলগ্ন এলাকা থেকে চারটি কাভার্ড ভ্যান ভর্তি এসব স্ল্যাব জব্দ করে। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীসহ অন্যরা পালিয়ে যান।
কাভার্ড ভ্যান থেকে বিজিবির উদ্ধার করা কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ভারতের বশিরহাট মহকুমার মকুন্দকাটি এলাকার সাইফ ইন্টারপ্রাইজ এসব স্ল্যাবের রপ্তানিকারক। আমদানিকারক ঢাকার ২২ পুরাতন পল্টন এলাকার মেসার্স একে ট্রেড লাইন।