৭৮ হজযাত্রীর টাকা মেরে এজেন্সি মালিক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজে নেওয়ার নামে অর্ধ শতাধিক হজযাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি মিরপুরের ‘সাজিদ হজ ট্যুরস এন্ড ট্রাভেলস’। আরেকটির নাম নিশ্চিত করা যায়নি।
টাকা আত্মসাতের অভিযোগে আজ শনিবার মিরপুরের ওই প্রতিষ্ঠানে যান প্রায় ৭৮ জন ভুক্তভোগী হজযাত্রী। পরে তাঁরা পল্লবী থানা পুলিশের সহায়তায় নেন। পুলিশ ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পাসপোর্ট ও কাগজপত্রসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
আজ রাত সাড়ে দশটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্ত্ততি চলছিল। তবে প্রতিষ্ঠানের মালিক অহিদুল আলম ভূঁইয়ার হদিস মেলেনি।
যোগাযোগ করা হলে আবু সাইদ নামের এক ভুক্তভোগী প্রথম আলো কে বলেন, তিনিসহ ৭৮ জন হজযাত্রী মিরপুর সাড়ে ১১ নম্বরে অনিক প্লাজার ১২ তলায় অবস্থিত ওই এজেন্সিতে টাকা দেন। প্রত্যেকের কাছ থেকে এজেন্সির কর্মকর্তারা নেন দুই লাখ ৯৫ হাজার টাকা করে। কিন্তু এজেন্সির পক্ষ থেকে ফ্লাইটের কোনো দিনক্ষণ বলা হচ্ছিল না। এ বিষয়ে যোগাযোগ করলে মালিক অহিদুল ২৩ সেপ্টেম্বর হাজী ক্যাম্পে অবস্থান নিতে বলেন। সেখান থেকে যেকোনো সময় তাঁদের হজে যাওয়ার ব্যবস্থা করবেন।
আবু সাইদ বলেন, তাঁরা ২৩ সেপ্টেম্বর হাজী ক্যাম্পে অবস্থান নেন। কিন্তু আজ-কাল করে কালক্ষেপণ করছিলেন অহিদুল। তিনি বিমানের কোনো টিকিট দেননি। আজ তাঁরা জানতে পারেন, অহিদুল সৌদি আরব চলে গেছেন। প্রতারণার বিষয়টি জানতে পেরে তাঁরা ৭৮ জন মিলে যান মিরপুরের ওই প্রতিষ্ঠানে। কিন্তু প্রতিষ্ঠানের প্রধান ফটকে থাকা কলাপসিবল ফটকে তালা থাকলেও ভিতরে মানুষের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়।
আবু সাইদ আরও বলেন, বিমানের টিকিটের দাম বেড়ে গেছে বলে অনেকের কাছ থেকে মালিক অহিদুল অতিরিক্ত টাকাও নিয়েছেন।
জানতে চাইলে রাত সাড়ে দশটার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলো কে বলেন, অর্ধশতাধিক হাজী থানায় এসেছেন। এ ঘটনায় মামলার প্রস্ত্ততি চলছে।
এদিকে হজে নেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে কয়েকজনকে ধরে আজ দক্ষিণ থানায় নিয়ে যান কয়েকজন হজযাত্রী।
এ বিষয়ে আব্দুল মজিদ নামের একজন ভুক্তভোগী জানান, তিনি হজে যাওয়ার জন্য একটি এজেন্সির প্রতিনিধিকে দুই লাখ ৬৫ হাজার টাকা দিয়েছেন। কিন্তু তাঁদের কোনো পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়নি। এ কারণে তাঁরা কয়েকজন হজযাত্রী মিলে অভিযুক্ত কয়েকজনকে দক্ষিণখান থানায় সোপর্দ করলেও পুলিশ কোনো আইনগত ব্যবস্থা নিতে নারাজ।
যোগাযোগ করা হলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ প্রথম আলোকে বলেন, টাকা লেনদেন হয়েছে দিনাজপুরে। মামলা হলে সেখানেই হবে। হজযাত্রীরা অভিযুক্তদের সেখানে নিয়ে যাক।