৭৮টি পাসপোর্টসহ চট্টগ্রামে ছয়জনকে গ্রেপ্তার
অবৈধ ব্যবহারের উদ্দেশ্যে অন্যের পাসপোর্ট নিজেদের কাছে রাখার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার জাতিসংঘ পার্কের সামনে একটি বাড়ির নিচতলা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মিলন মেহেদি, আবদুল মান্নান, বাবলা সরদার, রাশেদ উদ্দিন, চন্দন কুমার ধর ও উজ্জ্বল দত্ত।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোকতার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার প্রত্যেক আসামির কাছ থেকে ১০ থেকে ১২টি করে মোট ৭৮টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ ছাড়া ৩০টি পাসপোর্টের আবেদন ফরম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা অবৈধ ব্যবহারের উদ্দেশ্যে অন্যের পাসপোর্ট নিজ হেফাজতে রাখার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোকতার হোসেন। গ্রেপ্তার ছয়জন পাসপোর্ট কার্যালয়ের দালাল কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতগুলো পাসপোর্ট রাখার বিষয়টি তদন্ত করা হচ্ছে।