৭৯ দিন পর হস্তান্তর হলো ভারতীয় নাগরিকের লাশ
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গ থেকে ৭৯ দিন পর ভারতীয় নাগরিক মানিকুল শেখের (৪০) লাশ গতকাল সোমবার হস্তান্তর করা হয়েছে। ভারতীয় হাইকমিশনারের কার্যালয় ঢাকার প্রটোকল ও ওয়েলফেয়ার কর্মকর্তা অরবিন্দ শ্রীবাস্তবের কাছে সকাল সাড়ে আটটায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি হস্তান্তর করে।
মানিকুল শেখ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণব থানার পারদেওয়ানপুর গ্রামের কাশিম শেখের ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি পদ্মা নদীর পানিতে ডুবে মারা গেছেন বলে জানান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়েশা জুলেখা।
ডা. জুলেখা আরও জানান, শিবগঞ্জ থানা-পুলিশ গত বছরের ১৭ ডিসেম্বর অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
ময়নাতদন্তে জানা গেছে, পানিতে ডুবে মানিকুল শেখের মৃত্যু হয়। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। খোঁজ করেও পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ হিমঘরে রাখা ছিল।
সকালে ভারতীয় হাইকমিশনারের কার্যালয় ঢাকার প্রটোকল ও ওয়েলফেয়ার কর্মকর্তা অরবিন্দ শ্রীবাস্তবের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন কাজী শামীম হোসেন, ডা. আয়েশা জুলেখা, মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ।