৮ গাড়িতে পেট্রলবোমা-ককটেল, দগ্ধ ও আহত ১০
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ চলাকালে আজ সোমবার রাতে রাজধানী ঢাকা, লক্ষ্মীপুর, রাজশাহী ও গাইবান্ধায় আটটি গাড়িতে পেট্রলবোমা ও ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় আগুনে দগ্ধ ও আহত হয়েছেন ১০ জন।
আমাদের নিজস্ব ও আঞ্চলিক প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ভজন কুমার জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশান ১ নম্বরের বিদ্যুৎ ভবন এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ছাড়া রাতে মিরপুর-১-এর বাঙলা কলেজের সামনে ও মিরপুর ১১-তে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর
জেলা কারাগার এলাকায় আজ রাত আটটার দিকে একটি মালবাহী পিকআপ ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পিকআপের চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. কামাল, মিলন হোসেন ও মো. জুয়েল। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রাত আটটার দিকে চৌমুহনী থেকে চালবোঝাই একটি পিকআপ ভ্যান লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। এটি জেলা কারাগার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পিকআপ ভ্যান লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে তিনজন দগ্ধ হন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আনোয়ার হোসেন জানান, দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কামালের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান মো. সাফিউর রহমান সদর হাসপাতালে আহত লোকজনকে দেখতে এসে জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রামগতি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারের অদূরে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কে আজ রাতে দুর্বৃত্তরা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মুন্সী আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা সটকে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোমান নামের ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করা হয়।
রাজশাহী
রাজশাহীতে আজ রাতে দুটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাক দুটির চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন চালক সাইদুল ইসলাম ও তাঁর সহকারী শহিদুল ইসলাম এবং আরেক ট্রাকের চালক ফারুখ হোসেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছেন, রাত আটটার দিকে নগরের রাজপাড়া থানার নগরপাড়া এলাকায় দুর্বৃত্তরা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে চালক সাইদুল ইসলাম ও তাঁর সহকারী শহিদুল ইসলাম দগ্ধ হন।
প্রায় একই সময়ে নগরের শাহমখদুম থানার ছোটবনগ্রামের বার রাস্তার মোড় এলাকায় আরেকটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক ফারুখ হোসেন দগ্ধ হন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, ট্রাক দুটি বালু নামিয়ে ফিরছিল। এ সময় অবরোধকারীদের পেট্রলবোমা হামলার শিকার হয়।
গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের জনতা ব্যাংক মোড় এলাকায় আজ রাতে গরু বহনকারী একটি ট্রাকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ চারজন আহত হন।
আহতরা ব্যক্তিরা হলেন গরু ব্যবসায়ী আবুল হোসেন, মোজাম্মেল হক ও বাছের আলী। তবে ট্রাকচালকের নাম জানা যায়নি। তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।