৮ ঘণ্টা সড়ক অবরোধ, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে টানা আট ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন নেতা-কর্মীরা।
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় অবরোধের কারণে শাহ আমানত সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।
কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। তিনি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী বলে দলীয় সূত্র জানায়। পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরীর করা চাঁদাবাজি মামলায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।
অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছাড়াও পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কে (পিএবি সড়ক) যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর আলম ২২ মামলার আসামি। সে আমার ভাইকে মারধর করেছে। আমার ভাইয়ের কাছ থেকে প্রতি গাড়ি মালামালের জন্য তিন হাজার টাকা করে চাঁদা চেয়েছে।’
সাংসদ দাবি করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়েছে একজন মন্ত্রীর ইন্ধনে। কারও কাছে তাঁর ভাই চাঁদা দাবি করেনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রাত সোয়া ১২টায় বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন একটি বিদ্যুৎকেন্দ্রে পাথর সরবরাহ করা নিয়ে সাংসদের ভাইয়ের সঙ্গে বিরোধে জড়ান ওই নেতা। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলার জের ধরে তাঁকে গতকাল দুপুরে পটিয়ার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ গ্রেপ্তার করে।
তবে কর্ণফুলী থানা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন অভিযোগ করেন, বিদ্যুৎ প্রকল্পটি কর্ণফুলী থানা এলাকায়। কাঁচামাল নিয়ে পটিয়া থানার সীমান্ত ঘুরে যেতে হয় বলে সাংসদের ভাই মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। এসবের প্রতিবাদ করায় উল্টো চাঁদাবাজির মামলা দিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক ভরে বালু এনে মইজ্জ্যার টেক এলাকায় রাস্তার ওপর স্তূপ করেন অবরোধকারীরা। শত শত নারী-পুরুষ সেখানে অবস্থান নিয়ে সাংসদ শামসুল হক চৌধুরী ও তাঁর ভাই মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা টায়ার, খড় ও আবর্জনা এনে রাস্তার ওপর আগুন ধরিয়ে দেন। এ ছাড়া আড়াআড়ি করে তিন-চারটি গাড়ি রাস্তার ওপর রাখা হয়। ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
তবে বিকল্প পথ হিসেবে কালুরঘাট সেতু দিয়ে কিছু গাড়ি কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামে চলাচল করে।
বিক্ষোভকালে কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন, সাধারণ ঠিকাদার ও ব্যবসায়ীরা সাংসদের ভাইয়ের কারণে বিভিন্ন দরপত্রে অংশ নিতে পারেন না। সেখানে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক আহমেদ, কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক হায়দার আলী প্রমুখ।
পুলিশ ও আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কর্ণফুলীর শিকলবাহায় নির্মাণাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য পাথর সরবরাহ করে আসছিলেন কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম। ৩ মে ওই কেন্দ্রে যান সাংসদের ভাই মুজিবুল হক চৌধুরী। সেখানে জাহাঙ্গীর আলমের সঙ্গে মুজিবুল হক চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীরের লোকজন মুজিবুল হক চৌধুরীকে লাঞ্ছিত করেন।
পুলিশ সূত্র জানায়, শিকলবাহার ঘটনার জের ধরে ওই রাতে মুজিবুল হক চৌধুরী পটিয়া থানায় জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করেন। সাংসদের ভাইয়ের অনুগত তারেক মুরাদ চৌধুরী নামের আরেক ব্যক্তি বাদী হয়ে জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। আনোয়ার হোসেনও মুজিবুল হক চৌধুরীসহ তিনজনকে আসামি করে পাল্টা মামলা করেন।