৮ মাস পর জানা গেল সেই পৌনে তিন কোটি ভারতীয় রুপি জাল
পৌনে তিন কোটি ভারতীয় রুপি ধরা পড়ার ৮ মাসেরও বেশি সময় পর জানা গেল তা জাল। ফরেনসিক পরীক্ষা শেষে এ তথ্য জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর চত্বরে একটি কনটেইনার থেকে ২ কোটি ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ব্যক্তিগত ব্যবহার্য পণ্যের ঘোষণা দিয়ে কনটেইনারটি দুবাই থেকে আনা হয়েছিল।
সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক লিটন দেওয়ান গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, বন্দর থেকে জব্দ করা প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপি ফরেনসিক পরীক্ষায় জাল বলে শনাক্ত হয়েছে। পরীক্ষার প্রতিবেদনটি কয়েক দিন আগে পাওয়া গেছে।
এ ঘটনায় করা মামলার তদন্ত করছে সিআইডি। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা লিটন দেওয়ান। তিনি বলেন, তদন্ত এখনো শেষ হয়নি। নোটের জলছাপ, নিরাপত্তা সুতা এবং রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সিলও ছিল নিম্নমানের। নোটগুলিতে অপটিক্যাল ভেরিয়েবল ইঙ্কও ছিল না। পরীক্ষায় বোঝা গেছে নোটগুলো জাল।
ব্যক্তিগত ব্যবহারের জন্য দুবাই থেকে কনটেইনারে করে ১৬৫ কার্টন পণ্য আনেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। এর মধ্যে চারটি কার্টন থেকে ওই রুপি জব্দ করা হয়। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার বাদী হয়ে শাহেদুজ্জামানসহ ছয়জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্তের জন্য গত বছরের ১ অক্টোবর সিআইডি চট্টগ্রাম কার্যালয়ে আসে।