৮ মাসে ১০ চিকিৎসক বদলি, নতুন যোগ দেননি একজনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত আট মাসে ১০ জন চিকিৎসক বদলি হয়ে গেছেন। কিন্তু এই সময়ের মধ্যে হাসপাতালে নতুন করে একজন চিকিৎসকও যোগ দেননি। এতে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩ জন চিকিৎসকের জায়গায় আছেন কেবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা। এই পরিস্থিতিতে তিনটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে তিনজন চিকিৎসককে অস্থায়ী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
গতকাল বুধবার বেলা ১টা ৪৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, চোখের আঘাত নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসেছেন বজল আহমদ (৩৫) নামের এক ব্যক্তি। কিন্তু মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনার বাসিন্দা বজলকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। কারণ, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। এভাবে বজলের মতো অসংখ্য রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, উপজেলার প্রায় চার লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন এই হাসপাতাল। কিন্তু হাসপাতালে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁরা বেশি দিন এখানে থাকেন না। এতে তাঁদের ভোগান্তির শেষ নেই।
হাসপাতাল সূত্র জানায়, গত এক মাসে চিকিৎসক কানন সেন, আশীষ দে, প্রিয়াংকা দত্ত ও শাহেদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হয়ে যান। এর আগের সাত মাসে অন্যত্র বদলি হয়ে যান চিকিৎসক মহিউদ্দিন মাজেদ, মহিউদ্দিন কাদের, আবদুল মোমেন, নিজাম উদ্দিন, রানা চৌধুরী ও প্রত্যয় দে। গত মাসে দুজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁরা যোগ দেননি।
এদিকে হাসপাতালে কেবল চিকিৎসক-সংকট নয়, চলছে নার্সের সংকটও। ১৫ জন নার্সের জায়গায় আছেন মাত্র তিনজন।
গতকাল হাসপাতালে গিয়ে জানা যায়, হাসপাতালে রোগী ভর্তি আছে ৪৫ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ২০ জন। মহিলা ওয়ার্ডে নমিতা দে (২৫) নামের এক রোগীকে স্যালাইন দিতে দেখা যায় পরিচ্ছন্নতাকর্মী করুণাশ্রী দাশকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, তিনজন নার্স দিয়ে ৫০ শয্যার হাসপাতাল চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাই পরিচ্ছন্নতাকর্মী ও ওয়ার্ডবয় দিয়ে অনেক সময় রোগীদের সেবা দিতে হয়। তিনি বলেন, আট মাসে ১০ জন চিকিৎসক অন্যত্র বদলি হয়ে যাওয়ায় হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা কমে যাচ্ছে।
মাহফুজুল হক বলেন, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কিন্তু চিকিৎসক থাকলে তাদের সেখানে পাঠানোর দরকার হতো না। তিনি বলেন, অস্বাভাবিক হারে এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক বদলি করা হয়েছে।
কক্সবাজারের সিভিল সার্জন কমর উদ্দিন বলেন, জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হবে।
কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, শূন্য পদে চিকিৎসক নিয়োগ না দেওয়ায় হাসপাতালে সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।