৮ মাসের শিশুকে ছুরিকাঘাত!

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে নাবিল নামের এক শিশু আহত হয়েছে। তার বয়স আট মাস। সন্ধ্যা সোয়া সাতটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শিশুটির মা তাসলিমা বলেন, তিনি পরিবার নিয়ে কামরাঙ্গীরচরে আল মদিনা মসজিদের পাশের একটি বাড়িতে ভাড়া থাকেন। আজ শনিবার বিকেলে তিনি তাঁর বড় ছেলেকে মাদ্রাসায় পাঠান। সন্ধ্যা ছয়টার দিকে তিনি নাবিলকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে মাদ্রাসায় যান। ১৫ থেকে ২০ মিনিট পর ফিরে এসে দেখেন তাঁর ছেলে নাবিল খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল মিয়া। তিনি বলেন, শিশুটির পেটের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে আহত শিশুর নানা মো. হাশেম বলেন, তাঁর ছেলে (আহত শিশুর মামা) হাবিবুর মানসিক রোগী। সে এ কাজ করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।