৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৩ অধিবাসী আটক

কক্সবাজারের টেকনাফে ৮ লাখ ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের অধিবাসী, অপরজন বাংলাদেশি।
আজ বুধবার ভোরে টেকনাফের শাহপরী দ্বীপের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ওই চার ব্যক্তিকে আটক করে র্যাব-৭।
র্যাব-৭-এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক চার ব্যক্তির নাম-পরিচয় জানায়নি র্যাব। বিস্তারিত তথ্য পরে ব্রিফিংয়ে জানানোর কথা বলেছে র্যাব-৭।
মেজর রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে তাঁরা শাহপরী দ্বীপের সমুদ্র এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের একপর্যায়ে আজ ভোরে মাছ ধরার একটি ট্রলারে তাঁরা তল্লাশি চালান। ট্রলারে মাছ রাখার বাক্সে ৮ লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। ট্রলার থেকে চারজনকে আটক করা হয়।
র্যাব-৭ জানায়, জব্দ হওয়ার ইয়াবার বড়ির চালানটি কক্সবাজারে যাওয়ার কথা ছিল।