৮০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭
রাজধানীর ডেমরা থেকে গাঁজা পাচারের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ডেমরার আমুলিয়া রোড থেকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে।
তাঁরা হলেন মো. কামরুল (২৮), মো. বাপ্পি (২৬), মোছাম্মাৎ কামরুন্নাহার (৩৬), মো. নূরে আলম (৪৮), গাড়িচালক মো. ফিরোজ মিয়া (২৪), গাড়ি চালক মো. সেলিম মিয়া (৪২) ও মো. ফারুক (৩০)। এই সাতজনের কাছ থেকে ৮০ কেজি গাঁজা এবং মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার তথ্য থেকে জানা গেছে, গাঁজার বড় একটি চালান রাজধানীতে আসার খবর পেয়ে ডিবি-উত্তর বিভাগের একটি দল গতকাল সন্ধ্যা সাতটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার আমুলিয়া রোড এলাকায় অভিযান চালায়। এ সময় কামার গোপ স্টিল টেক সাফা ফার্নিচারের দোকানের সামনের সড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৮০ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতের সীমান্তসংলগ্ন কসবা এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জব্দ হওয়া ট্রাক ও প্রাইভেটকারে করে ঢাকায় আনা হতো। এরপর ডেমরা ও আশপাশ এলাকায় সরবরাহ করা হতো। গ্রেপ্তার সাতজনের মধ্যে কামরুল গাঁজা সংগ্রহ করে কামরুন্নাহারের কাছে সরবরাহ করতেন। রিপন নামের এক সহযোগীর মাধ্যমে কামরুন্নাহার রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতেন। এ ঘটনায় গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।