
ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় ২০টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১৬৫টি গুলি ও কাঁদানে গ্যাসের ৩৯টি সেল ছোড়ে।
এদিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ২৮টি গুলি ও কাঁদানে গ্যাসের ৩টি শেল ছোড়ে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ঘটনা দুটি ঘটে।
নগরকান্দা পৌরসভার স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলা সদরের এম এন একাডেমির দুই ছাত্রের মধ্যে গত বুধবার কথা-কাটাকাটির জের ধরে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ৭ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেনের সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি ও কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের চাচাতো ভাই ছাগলদী গ্রামের সুরুজ মাতুব্বরের বিরোধ বাধে।
এ নিয়ে গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের বেইলি সেতু (ছাগলদী মোড়) এলাকায় দুই গ্রুপের আনুমানিক দুই হাজার সমর্থক ঢাল, সড়কি, কাতরা, বল্লম, ভেলা, রামদা, লাঠি, ইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ২০টি দোকান ভাঙচুর ও লুটপাট হয়।
সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাসের ৩৯টি শেল ও শটগানের ১৬৫টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের আরাজি শ্রীনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ৩০ জনআহত হয়েছে। পুলিশ শটগানের ২৮টি গুলি ছুড়ে এবং কাঁদানে গ্যাসের তিনটি শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মান্নান মাতুব্বরের সঙ্গে গত ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগে যোগদানকারী মোটরদিয়া গ্রামের সুজন সরদারের সঙ্গে ময়েনদিয়া হাটে মাছ বাজারের টোল আদায় নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে সুজন সরদারের পক্ষের নাজমুল ও রবিউলসহ ৮-১০ জন বৃহস্পতিবার রাতে মান্নান গ্রুপের আরাজি শ্রীনগর গ্রামের নিজাম খানকে বাড়ি যাওয়ার পথে মারধর করে।
এর জেরে গতকাল শুক্রবার সকাল থেকে মান্নান মাতুব্বরের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে ময়েনদিয়া বাজারে জড়ো হয়। খবর পেয়ে সুজন সরদার দাদপুর গ্রাম ও সালথা উপজেলার নটখোলা গ্রাম থেকে দেশীয় অস্ত্রধারী চার শতাধিক লোক নিয়ে ময়েনদিয়া বাজারের দিকে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
একপর্যায়ে সুজন সরদারের সমর্থকেরা আরাজি শ্রীনগর গ্রামে মান্নান মাতুব্বর সমর্থকদের আনুমানিক ৪৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারীরা টাকা, স্বর্ণালংকার, গাভি, ধান, চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। অপরদিকে মান্নান মাতুব্বরের সমর্থকেরা সুজন সরদারের পক্ষের ৫টি বাড়ি ভাঙচুর করে।
এ ব্যাপারে মান্নান মাতুব্বরের ভাই ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক মাতুব্বর বলেন, ‘নব্য আওয়ামী লীগার সুজন সরদার অন্যায়ভাবে আমার দলের নেতা-কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন। তাঁরা আরাজি গ্রামের সালাম বিশ্বাসের বাড়ি থেকে সাড়ে ছয় লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা মূল্যের দুটি গাভি লুট করে নিয়ে গেছেন।’