৮০ দিন পর মাটির নিচ থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপহরণের ৮০ দিন পর শাহজালাল নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় হওয়া মামলার এক আসামির দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার উপজেলার দক্ষিণখার গ্রামের একটি ধানখেতে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
শাহজালাল উপজেলার দক্ষিণখার গ্রামের নজরুল ইসলামের ছেলে ও মাইজখার আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। যার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে সে শাহজালালেরই আপন চাচাতো ভাই। তার নাম সমসের আলী (১৬)। সে একই গ্রামের অলন মিয়ার ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহজালাল গত ২৬ জুলাই গ্রামের রাস্তায় সমসের আলীর সঙ্গে হাঁটাহাঁটি করছিল। রাতে সে বাড়িতে আসেনি। পরদিন নিখোঁজ থাকার ঘটনায় শাহজালালের বাবা কসবা থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার ২১ দিন পর বাড়ি থেকে পালিয়ে গিয়ে সমসের শাহজালালের বাবার কাছে ২৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ওই দিনই কসবা থানায় সমসেরকে প্রধান আসামি করে অপহরণের অভিযোগে মামলা করেন নজরুল ইসলাম। মামলা হওয়ার পর পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়টি জানায়।
মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে র্যাব গত সোমবার দিনাজপুর রেলস্টেশন থেকে সমসের আলীকে গ্রেপ্তার করে রংপুর ক্যাম্পে নিয়ে আসে। কসবা থানার পুলিশ গতকাল দুপুরে সমসেরকে সেখান থেকে কসবা থানায় নিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা শাহজালালের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নজরুল ইসলাম বলেন, ‘কারও ক্ষতি করিনি। বাড়ির সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ ছিল। ভাতিজা সমসের তাঁর কাছে ২৭ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে প্রায়ই টাকা নিত। কিন্তু সে তাকে খুন করে ফেলল।’
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া দাবি করেন, জিজ্ঞাসাবাদে সমসের স্বীকার করেছে, সেসহ কয়েকজন গত ২৬ জুলাই রাতে শাহজালালকে হত্যা করে লাশ সিঙ্গাডুবা বিলে ধানি জমিতে পুঁতে রাখে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। তাকে আজ বুধবার আদালতে পাঠানো হবে।