৮০ বছরের বৃদ্ধাকে গলা টিপে হত্যা
রাজশাহীতে ৮০ বছরের এক বৃদ্ধাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতের কোনো এক সময় নগরের মতিহার থানার কাপাশিয়া মৃধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জমেলা বিবি ওই এলাকার মৃত এমাজ আলীর স্ত্রী। ৯ মেয়ের বিয়ে দিয়ে দেওয়ার পর বাড়িতে একাই থাকতেন তিনি। ঘুমাতেন বাড়ির উঠোনের একটি চৌকিতে। বৃহস্পতিবার চৌকির ওপরই তাঁর লাশ পাওয়া যায়।
নগরের মতিহার থানার কাটাখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান চৌধুরী জানান, বাড়িতে লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। এরপর সেখানে পুলিশ যায়। পরে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জমেলা বিবির স্বজনদের বরাত দিয়ে আক্তারুজ্জামান চৌধুরী জানান, জমেলা বিবির দুই কানে সোনার তৈরি দুটি দুল ছিল। লাশ উদ্ধারের সময় দুলগুলো পাওয়া যায়নি। কান দুটো ছিল ছেঁড়া ও রক্তাক্ত। এ ছাড়া গলায় দাগ দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁর কানের দুল নিতেই তাঁকে গলা টিপে হত্যা করেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মূলত কানের দুলের জন্যই সন্ত্রাসীরা এসেছিল। পরে হয়তো ওই মহিলা তাদের চিনতে পেরেছে, তখন শ্বাসরোধে হত্যা করেছে। তিনি বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।