কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার রাতে পৃথক দুটি ঘটনায় ৮০ হাজার ইয়াবা বড়ি, দুটি দেশে তৈরি এলজি, ১০টি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ছিদ্দিক নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, শুক্রবার রাতে ইয়াবার চালান পাচার হতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া সৈকত এলাকায় অবস্থান নেয়। সন্দেহ হওয়ায় রাত আটটার দিকে সৈকত এলাকায় তিনজন লোককে থামতে সংকেত দেওয়া হয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মো. ছিদ্দিককে গ্রেপ্তার করে। তাঁর হাতে থাকা ব্যাগে ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ সময় তল্লাশি চালিয়ে ছিদ্দিকের কাছ থেকে দুটি দেশে তৈরি এলজি, ১০টি গুলি উদ্ধার করা হয়।
একই দিন রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় পুলিশি অভিযানে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, ইয়াবা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে ছিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।