৮০ হাজার ইয়াবাসহ আটক মিয়ানমারের দুই নাগরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক মিয়ানমারের দুই নাগরিক ও উদ্ধার করা ইয়াবা। ছবি: বিজিবির সৌজন্যে
আটক মিয়ানমারের দুই নাগরিক ও উদ্ধার করা ইয়াবা। ছবি: বিজিবির সৌজন্যে

কক্সবাজারের টেকনাফ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৮০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে। বিজিবি বলছে, ওই দুজন ইয়াবার চালান পাচার করছিলেন।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন মংডু শহরের ধলিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ জুনায়েদ (২০) ও মোহাম্মদ জোহার (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দমদমিয়া সীমান্তচৌকির বিশেষ একটি টহল দল রাত আটটার দিকে ওই এলাকায় যায়। পরে ধাওয়া দিয়ে নৌকা থেকে মিয়ানমারের দুই নাগরিককে আটক করে। ভাসমান একটি জারিকেনের ভেতর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ২ কোটি ৩৭ লাখ ৮২ হাজার টাকার মূল্যের ৭৯ হাজার ২৭৩ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার প্রথম আলোকে বলেন, আটক দুজন পাচারকারীকে টেকনাফ থানা-পুলিশে সোপর্দ করে অভিবাসন আইন ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, সকালে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।