৮০হাজার ইয়াবা ও মিয়ানমার নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবা এবং আবদুস সালাম (৩৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা।
আজ শনিবার সকাল সাড়ে আটটা ও ভোর পাঁচটার দিকে যথাক্রমে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন নাফনদী জালিয়ার দ্বীপ (জলিলের দিয়া) ও দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকি এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে প্রথম আলোকে জানান, আজ সকালে উপজেলার হ্নীলার ইউনিয়নের দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকির একটি দল টহল দিচ্ছিল। এ সময় চৌকির সংলগ্ন এলাকায় পলিথিন ব্যাগসহ একজন লোককে সন্দেহ হলে বিজিবির সদস্যরা তাঁকে দাঁড়ানোর সংকেত দেয়। এ সময় লোকটি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করে পলিথিনের ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এর আগে সকাল পাঁচটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল হ্নীলার দমদমিয়া সংলগ্ন নাফনদী জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। এ সময় নাফনদীর শূন্য রেখা অতিক্রম করে একটি নৌকা বিজিবির অবস্থানের কাছাকাছি এলে নৌকাটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু নৌকায় থাকা তিনজন নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমার জলসীমানায় চলে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালালে জালের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ইয়াবাসহ আটক আবদুস সালামকে থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ও অনুপ্রবেশের দায়ে বৈদেশিক নাগরিক আইনে দুটি মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ৮০ হাজার ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।