৮১ বছরেও জোটেনি বয়স্ক ভাতার কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল কাদের
আব্দুল কাদের

আবদুল কাদের একজন হতদরিদ্র মানুষ। বয়স ৮১ বছর। বয়স পেরিয়ে গেলেও এখনো তাঁর কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। দুই বছর ধরে কাউন্সিলরের পেছনে ঘুরেও কার্ড পাননি বলে জানিয়েছেন তিনি। তাঁর বাড়ি জামালপুর পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের কাজির আখ গ্রামে।
আবদুল কাদেরের পাঁচ সন্তান। তাঁরাও হতদরিদ্র। নানা কাজ করে কোনো রকমে সংসার চালান। আবদুল কাদের থাকেন আবদুর রহমান ও মো. ইব্রাহিমের কাছে। নিজের বলতে তাঁর কিছুই নেই।
গতকাল মঙ্গলবার আবদুল কাদের বলেন, ‘আমি অসুস্থ মানুষ। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। এর মধ্যে শ্বাসকষ্ট সবচেয়ে বেশি কাবু করে ফেলেছে। নিজের জমিজমা কিছুই নাই। বয়সের কারণে কোনো রোজগারও করতে পারি না। সন্তানদের সংসারই চলে না, তাদের কী বলব। তারপরও দুমুঠো ভাত দিচ্ছে তারা। কাজ করতে না পারায় বয়স্ক ভাতার কার্ডের খোঁজে নেমেছিলাম। কিন্তু লাভ হয়নি। গত দুই বছর আমার সামনে অনেকে কার্ড পেলেও আমার কপালে জুটল না। কাউন্সিলরের বাড়িতে কতবার গিয়েছি হিসাব নাই। অনেকে দুই থেকে তিন হাজার টাকা দিয়ে কার্ড পেয়েছেন। টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। ফলে এখনো কার্ড পাইনি। কোনো দিন পাব কি না, তা-ও জানি না।’

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার মোজাহারুল ইসলাম বলেন, ‘কাউন্সিলর হওয়ার পর এখনো বয়স্ক ভাতার কার্ড দেওয়ার অনুমোদন পাইনি। কোনো লোক কার্ডের জন্য আসেনওনি। তাই টাকা চাওয়ার প্রশ্নই আসে না। বরাদ্দ পেলে আমার কাছে এলে অবশ্যই তাঁকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে।’

জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘হতদরিদ্র ব্যক্তি ৮১ বছর বয়সেও ভাতার কার্ড না পাওয়ার বিষয়টি দুঃখজনক। তবে ওই বৃদ্ধ আবেদন করলে অবশ্যই তাঁকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া হবে।’

গতকাল দুপুরে আবদুল কাদেরের ছেলে মো. রফিক বলেন, তাঁর বাবা বয়স্ক ভাতার কার্ডের জন্য জেলা প্রশাসকের কাছে গতকাল আবেদন করেছেন।