৮২ লাখ টাকার কাজ ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী পৌরসভার মেয়রের বিরুদ্ধে প্রায় ৮২ লাখ টাকার দরপত্রের কাজ লটারি ছাড়াই পছন্দের ঠিকাদারের মধ্যে ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাধারণ ঠিকাদারেরা স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেছেন।
ছয়জন ঠিকাদার কাজ ভাগাভাগির কথা উল্লেখ করে গত ২০ মে বগুড়ার জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখায় ওই অভিযোগটি দেন। এ ছাড়া গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য ২৪টি গুচ্ছে প্রায় ৮২ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নির্ধারিত দিনে লটারি না করে পৌর মেয়র ২৪ জন ঠিকাদারের মাঝে কাজ ভাগাভাগি করে দিয়েছেন। দরপত্র কমিটির অন্য সদস্য এবং সাধারণ ঠিকাদারদের সামনে লটারি করার কথা থাকলেও তা করা হয়নি।
অভিযোগকারী ঠিকাদারদের ভাষ্যমতে, গাবতলী পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য ৮২ লাখ টাকার দরপত্র আহ্বান করে গত ১৬ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী ৯ মে দরপত্র বিক্রি এবং ১২ মে দাখিলের শেষ দিন ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ২৪ গুচ্ছের কাজের জন্য ৩৪ জন ঠিকাদার দরপত্র দাখিল করেন। ২০ মে বেলা ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে দরপত্রের লটারির দিনক্ষণ ধার্য করা হয়।
ঠিকাদার সিরাজুল ইসলাম অভিযোগ করেন, নির্ধারিত সময়ে মেয়রের কার্যালয়ে গেলে লটারি স্থগিত করা হয়েছে বলে পৌরসভা থেকে জানানো হয়। কিন্তু বিকেলে পৌরসভার নোটিশ বোর্ডে ২৪টি গুচ্ছের কাজ ২৪ জন ঠিকাদারের নামে বণ্টন করে তালিকা টানিয়ে দেওয়া হয়। এতে সাধারণ ঠিকাদারেরা কাজ থেকে বঞ্চিত হন।
এনামুল হক নামে একজন ঠিকাদার অভিযোগ করেন, পৌর মেয়র বিএনপি-সমর্থিত হলেও অনিয়ম ঢাকতে ৮২ লাখ টাকার কাজ বিএনপি এবং আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারের মধ্যে ভাগাভাগি করে দেন।
তবে মেয়র সাইফুল ইসলাম দাবি করেন, ‘আগের মেয়র ১২ জন ঠিকাদারের মাধ্যমে সিন্ডিকেট করে পৌরসভার কাজ ভাগাভাগি করে দিতেন। আমি দায়িত্ব নেওয়ার পর লাইসেন্সধারী ঠিকাদারের সংখ্যা এখন ৩৪। ২৪টি গুচ্ছের কাজের জন্য ৩৪ জন ঠিকাদার দরপত্র দাখিল করলেও স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ২৪ জন কাজ পাওয়ায় বঞ্চিতরা অযৌক্তিক অভিযোগ তুলছেন। দরপত্র কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ভিত্তিহীন।’
দরপত্র কমিটির সদস্য ও গাবতলী এলজিইডির সহকারী প্রকৌশলী আবদুল মজিদ বলেন, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় লটারির সময় তিনি পৌরসভায় উপস্থিত থাকতে পারেননি। কোনো অনিয়মের বিষয়ও তাঁর জানা নেই।
গাবতলী ইউএনও মাজেদা ইয়াসমিন বলেন, ‘কয়েকজন ঠিকাদার লিখিত অভিযোগ করেছেন। অবগতির জন্য আমাকে শুধু অনুলিপি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চয় স্থানীয় সরকার মন্ত্রণালয় খতিয়ে দেখবে।’

উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে এ উপজেলায় ২১ হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। ইতিমধ্যে উপজেলার ৭০ ভাগ জমির বোরো ফসল কাটা শেষ হয়েছে। এবার এ উপজেলায় বিদ্যুৎচালিত ২৯০টি গভীর নলকূপ দিয়ে ৬৩ হাজার ৮০০ বিঘা ও দুই হাজার অগভীর নলকূপ দিয়ে ২০ হাজার বিঘা বোরো খেতে সেচ দেওয়া হয়েছে। বাকি জমিতে ডিজেলচালিত সেচযন্ত্র দিয়ে সেচ দেওয়া হয়।
ছয়-সাতজন কৃষক অভিযোগ করেন, এবার বৃষ্টি বেশি হওয়ায় বোরো খেতে সেচ তেমন একটা দিতে হয়নি। তারপরও বিদ্যুৎ-চালিত সেচযন্ত্রের মালিকেরা কৃষকদের কাছে থেকে বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় করতে শুরু করেছেন। গত বছরের চেয়ে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।
উপজেলার কুড়াহার গ্রামের কৃষক আফতাব আলী (৪৫) বলেন, ‘সেচমালিকেরা একজোট হয়ে একই দর নির্ধারণ করেন। তাঁরা এলাকা ভাগ করে নিয়ে কাজ করেন। ফলে কৃষকদের এ ক্ষেত্রে আর বলার কিছু থাকে না। গত বছর এক বিঘা জমিতে (৩৩ শতাংশ) বোরো চাষের জন্য সেচ দিতে ৯০০ টাকা দিতে হয়েছে। এবার সেখানে দিতে হচ্ছে ১ হাজার ২০০ টাকা। এমনিতেই ফসলের দাম নেই। তাই বাড়তি টাকা জোগাড় করতে আমি হাঁপিয়ে উঠেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কুড়াহার গ্রামের এক সেচমালিক বলেন, ‘সেচের জন্য আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় দর বাড়াতে হয়েছে। ১ হাজার ২০০ টাকার নিচে সেচ দিলে আমাদের পোষাবে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সেচমালিকেরা নিজেদের ইচ্ছামতো টাকা আদায় করছেন। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দেখা দরকার।