৮২০টি ইয়াবা বড়িসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৮২০টি ইয়াবা বড়িসহ আবদুল মালেক নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব। ওই ব্যক্তিকে গতকাল মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, র্যাব-১৩ ইউনিটের একটি দল গত সোমবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্বভোট হাট এলাকার আশরাফ আলীর বাড়ির কাছ থেকে অভিযান চালিয়ে ওই ৮২০টি ইয়াবা বড়িসহ আবদুল মালেককে গ্রেপ্তার করে।
আবদুল মালেকের বাড়ি ভারতের কোচবিহারের দিনহাটা থানার কালমাটি গ্রামে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার র্যাব-১৩-এর পরিদর্শক মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। পরে মালেককে থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মালেককে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।