ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে ৮৪৫টি ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত আড়াইটার দিকে হলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী রাসেল উদ্দিন ও বহিরাগত রিপন হক। তাঁরা দুজনই ওই সময় ২১৫ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক আলী আক্কাস বলেন, রাসেল দীর্ঘদিন যাবৎ হলে অবৈধভাবে অবস্থান করছিলেন। তাঁকে হল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। তবে তিনি কীভাবে হলে থাকতেন, এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।
অভিযোগ রয়েছে, ছাত্রলীগের ছত্রচ্ছায়ায় রাসেল দীর্ঘদিন হলে অবস্থান করছেন। তিনি ছাত্রলীগের আগের কমিটির হল শাখার সহসম্পাদক ছিলেন। তিনি ২০১২ সালে এক হাজার ইয়াবা বড়িসহ সাভারের আশুলিয়া থেকে একবার ধরা পড়েন। ছয় মাস জেলে থাকার পর বেরিয়ে এসে আবার এ ব্যবসায় জড়িয়ে পড়েন। ধরা পড়ার পর থেকেই হলের শিক্ষার্থীদের কাছে তিনি ‘বাবা (ইয়াবা) রাসেল’ নামে পরিচিতি পান।
তবে ছাত্রলীগের সঙ্গে রাসেলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমি হলে খোঁজ নিয়েছি। রাসেল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবে আগের কমিটিতে তিনি ছিলেন কি না তা জানি না।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আটক রাসেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে সাঈদুল হক ভূঁইয়া বলেন, এসআই রবিউল ইসলাম থানায় মামলা করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।