৮৭ হাজার ইয়াবাসহ পাঁচ জন গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁও ও চকবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি অভিযানে প্রায় ৮৭ হাজার পিস ইয়াবা আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন সইবুর রহমান, শামীম আলী, মোস্তাক আহমেদ, মাসি আলম ও মো. ওয়াহিদ।
গতকাল রাত ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি মোহাম্মদ আসাদুজ্জামানের তত্ত্বাবধানে পরিদর্শক বিপ্লব কিশোর শীলের নেতৃত্বে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে সইবুর রহমান ও শামীম আলীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-২ একটি দল চকবাজারের পোস্তা এলাকার একটি বাসায় অভিযান চালায়। র্যাব-২ এর উপপরিচালক মেজর মো. নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এই অভিযানে মোস্তাক আহমেদ, মাসি আলম ও মো. ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় এদের কাছ থেকে ১৬ হাজার ৬৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪৬ হাজার এক শ টাকা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।