৮৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সাবরাং আলুগোলা চিংড়ি ঘের ও টেকনাফ পৌরসভার ১ নম্বর স্লুইসগেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাত ১০টার দিকে চালানো একটি অভিযানে দুজন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুজন হলেন মিয়ানমারের মংডু সুধাপাড়া গ্রামের রহমত উল্লাহ (২২) ও কাউয়ারবিলের মো. নুরুল আমিন (২০)।

বিজিবির ভাষ্য, গতকাল শুক্রবার রাতে টেকনাফ সদর চৌকির একটি বিশেষ টহল দল নাফ নদী–সংলগ্ন সাবরাং আলুগোলা চিংড়ি ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। উদ্ধার ইয়াবাসহ আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হয়। আরেকটি অভিযান চালায় টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ দল। তারা অবস্থান নেয় নাফ নদী–সংলগ্ন টেকনাফ পৌরসভার ১ নম্বর স্লুইসগেট এলাকায়। বিজিবির সদস্যরা সেখানে এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেন। ওই ব্যক্তি ব্যাগটি ফেলে অন্ধকারে পার্শ্ববর্তী কেওড়া বাগানে ঢুকে পালিয়ে যায়। ফেলে দেওয়া ব্যাগ থেকে ৬৮ হাজার ইয়াবা পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ২ বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, ২০ হাজার ইয়াবাসহ দুজন মিয়ানমারের নাগরিককে থানায় সোপর্দ করে মামলা করা হয়েছে।