৮৯ লাখ টাকার কাজে অনিয়ম-দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংস্কারকাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুই অর্থবছরে এই কাজে প্রায় ৮৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দিনাজপুর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বোচাগঞ্জ, পার্বতীপুর ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের জন্য ২৫ লাখ ১৭ হাজার ৪৩৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৩-১৪ অর্থবছরে ফুলবাড়ী, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর, বোচাগঞ্জ ও পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংস্কারের জন্য আরও ৬৩ লাখ ৬২ হাজার ৭২৬ টাকা বরাদ্দ দেওয়া হয়।
বোচাগঞ্জের হাসপাতাল সংস্কারের জন্য ৫ লাখ ২২ হাজার ৪৯৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি করে রংপুরের অ্যাডভান্স বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। একই বছর হাসপাতালের সীমানাপ্রাচীর নির্মাণ ও সংস্কারের জন্য আরও ৫ লাখ ৬৯ হাজার ৯৯৭ টাকা বরাদ্দ আসে। কাজটি করে দিনাজপুরের বিরামপুরের মেসার্স হারুনুর রশিদ। ২০১৩-১৪ অর্থবছরে সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক সংস্কারের জন্য ৭ লাখ ৫৯ হাজার ৯৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি করে রংপুরের মেসার্স রয়েল কনস্ট্রাকশন।
সরেজমিনে দেখা গেছে, স্যানিটারি ও বৈদ্যুতিক সংস্কারের কার্যাদেশ অনুযায়ী, যমুনা ব্র্যান্ডের ১১টি বৈদ্যুতিক পাখা দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়েছে নিম্নমানের ১০টি পাখা। বৈদ্যুতিক বাতি, টয়লেটের প্যানসহ অন্যান্য সরঞ্জাম দেওয়া হয়নি। যেগুলো দেওয়া হয়েছে, তা নিম্নমানের। অল্প দিনেই সেগুলো নষ্ট হয়ে গেছে। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরল চন্দ্র রায় বলেন, এখানে বরাদ্দের মাত্র ৬০ ভাগ টাকার কাজ হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকাজের জন্য ৯ লাখ ৪৯ হাজার ৮১৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেসার্স নিশাদ ইঞ্জিনিয়ার্স। স্যানিটারি ও বৈদ্যুতিক সংস্কারের জন্য ৪ লাখ ৭৪ হাজার ৭৪২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি করে গোবিন্দগঞ্জের বিআর এন্টারপ্রাইজ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল বারী বলেন, সংস্কারের পরও ছাদ চুইয়ে পানি পড়ায় অফিস, স্টোর ও ল্যাবের মালামাল নষ্ট হয়ে গেছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারকাজের জন্য ৯ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি করে দিনাজপুরের এলএসএল কনস্ট্রাকশন। স্যানিটারি ও বৈদ্যুতিক মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ ৭৪ হাজার ৯২৬ টাকা। কাজ করে রংপুরের মেসার্স সেতু কনস্ট্রাকশন। সীমানাপ্রাচীর নির্মাণ ও সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় ৯ লাখ ৪৯ হাজার ৬৫২ টাকা। কাজ করে রংপুরের নেহা কনস্ট্রাকশন। সরেজমিনে দেখা গেছে, কার্যাদেশে ফটক নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। প্রাচীরের কাজ নিম্নমানের হওয়ায় স্থানীয় ব্যক্তিরা তা বন্ধ করে দিয়েছে।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের জন্য ২ লাখ ৮৪ হাজার ৯৭২ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করেছে রংপুরের নর্দার্ন বিল্ডার্স। স্যানিটারি ও বৈদ্যুতিক সংস্কারের জন্য ৪ লাখ ৭৫ হাজার ৭৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করেছে ঠাকুরগাঁওয়ের মেসার্স নুর-এ শাহাদৎ। সিভিল মেরামতের জন্য আরও ৪ লাখ ৭৪ হাজার ৪৭১ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করেছেন রংপুরের মো. সামছুজ্জামান।
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেরামত ও সংস্কারের জন্য ৭ লাখ ৫৯ হাজার ৯৮৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করে রাজশাহীর মেসার্স ফরিদ উদ্দিন। স্যানিটারি ও বৈদ্যুতিক সংস্কারের জন্য ৩ লাখ ৭৯ হাজার ৯৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ করে ঠাকুরগাঁওয়ের মেসার্স জিয়া কনস্ট্রাকশন। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি ও বৈদ্যুতিক কাজের জন্য ৩ লাখ ৭৯ হাজার ৯৯৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি করেছেন গাইবান্ধার এক ঠিকাদার। সেখানে দেড় হাজার লিটার ধারণক্ষমতার তিনটি পানির ট্যাংক দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র একটি। পাঁচটি সেপটিক ট্যাংক পরিষ্কার করার কথা থাকলেও করা হয়েছে মাত্র দুটির। নিম্নমানের বাতি লাগানোয় অল্প দিনেই সেগুলো নষ্ট হয়েছে।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল ও স্যানিটারি মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪ লাখ ৭৪ হাজার ৭০ টাকা। কাজ করে বিরামপুর উপজেলার মেসার্স হারুনুর রশিদ। সব স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, স্বাস্থ্য প্রকৌশল কার্যালয় থেকে ঠিকাদারদের দেওয়া কার্যাদেশ অনুযায়ী কাজ হয়নি।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের সহকারী প্রকৌশলী গোলাম মাহাবুব বলেন, প্রতিটি উপজেলার কাজ সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তারা সেগুলো লিখিতভাবে বুঝে নিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে কার্যাদেশের কাজ বাদ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের পছন্দের কাজ করতে হয়েছে।
সাত উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সংস্কারকাজের সময় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে কোনো সমন্বয় করে না। কী কাজ হয়, তা তাঁরা জানতেও পারেন না। অভিযোগ দিলেও সেসবের প্রতিকার হয় না।
সিভিল সার্জন সুলতান মো. শামসুজ্জামান বলেন, হাসপাতালগুলোতে কী ধরনের সংস্কারকাজ হচ্ছে, অবশ্যই তা স্বাস্থ্য কর্মকর্তাদের জানার অধিকার রয়েছে।