৮৯ হাজার ডলারসহ দুজন গ্রেপ্তার
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে মানি লন্ডারিং আইনে একটি মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
আজ বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট থেকে তাঁদের আটক করা হয়। পরে বেনাপোল বন্দর থানায় মানি লন্ড্রারিং আইনে মামলা দিয়ে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নড়াইলের নড়াগাতী উপজেলার বাওয়ে সোনা গ্রামের ওবায়দুর রহমান (২৭) ও মো. মাসুদ মোল্লা (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকার যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাঁদের পায়ের গোড়ালির দিকে জিনস প্যান্টের নিচে বাঁধা অবস্থায় ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য ৭৫ লাখ ৪৩ হাজার ২০০ টাকা।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বলেন, সীমান্ত থেকে যশোরের দিকে ফেরার পথে দুজনকে আটক করে ওই ডলার উদ্ধার করা হয়। দুজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দেওয়া হয়েছে।