ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের ২৫ নম্বর নতুন কূপ খনন এলাকায় রোববার বিকেলে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় প্রকল্প প্রকৌশলীকে মারধর করা ছাড়াও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাদের বাধায় কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় কূপ খননকাজ।
এ ঘটনায় প্রকল্প এলাকায় দায়িত্ব পালনকারী নয় আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
হামলার ঘটনায় গতকাল সোমবার বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উপমহাব্যবস্থাপক (নিরাপত্তা) জুলফিকার আলী আনছারী অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় সরকারের ‘১ ক’ শ্রেণির কেপিআইয়ের অভ্যন্তরে তিতাস গ্যাসের ২৫ নম্বর কূপ খননের কাজ চলছে। চীনের সিনোপেক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন এ খননকাজ করছে। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দুষ্কৃতকারীদের একটি দল প্রকল্পের প্রধান ফটকে কর্তব্যরত আনসার সদস্য ও নিরাপত্তারক্ষীদের ঠেলে ভেতরে ঢোকে। তারা প্রকল্পে ব্যবহৃত জ্বালানি তেল, বিদেশি কর্মীদের খাবার ও যানবাহন সরবরাহ তাদের মাধ্যমে নেওয়ার দাবি জানায়। নইলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
এ প্রকল্পে কর্মরত প্রকৌশলী জাহিদ হোসেন তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ালে তারা তাঁকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। হুমকি দেয় প্রাণনাশের। একপর্যায়ে তারা জেনারেটর বন্ধ করে দিলে খননকাজ বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর পুলিশ, র্যা ব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে যান।
প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ‘তাদের বাধায় ৩০ থেকে ৪৫ মিনিট খননকাজ বন্ধ ছিল। আমি স্থানীয় নই। তাই কাউকে চিনতে পারিনি। দুষ্কৃতকারীরা আমাকে টানাহেঁচড়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বিদেশি কর্মীরা ভয়ে আছেন।’
জেলা আনসার ও ভিডিপির কমান্ডার মাহবুবুর রহমান জানান, দুষ্কৃতকারীদের প্রতিহত করতে না পারার কারণে নয় আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
ওই ঘটনায় মামলার কথা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’