৯ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করছে দুদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে হাসপাতালটির নয়জন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই নয়জন চিকিৎসক নিয়োগ মূল্যায়ন কমিটির সদস্য ছিলেন।
নিয়োগ কমিটির সবার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হলেও যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আজ মঙ্গলবার কমিশন এ মামলার অনুমোদন দেয়। দুদকের দায়িত্বশীল সূত্র মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে জানিয়েছে, আগামীকাল বুধবারই চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করা হতে পারে।
যে নয়জনের চিকিৎসকের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন-হাসপাতালের উপপরিচালক (স্বাস্থ্য) কাজী শফিকুল, সহকারী পরিচালক (হাসপাতাল) খোরশেদ শিরীন, মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক মোমেন সরকার, গাইনি বহির্বিভাগের আবাসিক সার্জন কামরুন নেসা বেগম, শিশু বহির্বিভাগের আবাসিক সার্জন মো. গিয়াস উদ্দিন, রেডিওথেরাপি বহির্বিভাগের আবাসিক সার্জন মো. আলী আসগর চৌধুরী, সিনিয়র স্টোর অফিসার শেখ মোহাম্মদ জামাল মোস্তফা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার দেবাশীষ দত্ত ও মেডিকেল অফিসার (স্টোর) নাজমুল আখতার।
দুদক সূত্র জানিয়েছে, ২০১১ সালের ২৮ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে হাসপাতালটিতে লোকবল নিয়োগের ঘোষণা দেওয়া হয়। সে অনুসারে মূল্যায়ন কমিটি গঠন করা হয়। মূল্যায়ন কমিটির সদস্যদের যোগসাজশে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দুদকে এলে ২০১২ সালে কমিশন এ অনুসন্ধানে নামে। দুদকের উপপরিচালক কে এম মিছবাহ উদ্দিন এ অভিযোগটির অনুসন্ধান করেন।
দীর্ঘ চার বছরের বেশি সময় অনুসন্ধান করে মূল্যায়ন কমিটির নয়জনের বিরুদ্ধে মামলার সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে মামলার অনুমোদন দেয় কমিশন।