৯ দিন পর জানা গেল ছেলেই বাবার খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমান (৬৫) গত ২৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। পরিবার তাঁর খোঁজ জানতে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করে। কিন্তু পুলিশ তাঁর কোনো সন্ধান পায়নি। অবশেষে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে আনিছুরের বড় ছেলে আবদুল হাই জানিয়েছেন, বাবাকে তিনি খুন করেছেন।

পরিবারের পর পুলিশের কাছেও বাবাকে খুন করার কথা স্বীকার করেছেন আবদুল হাই (২৮)। বৃহস্পতিবার পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর আবদুল হাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। নিহত আনিছুর রহমানের বাড়ি আত্রাইয়ের জয় নাথপুর গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনিছুর নিখোঁজের দিন থেকে আবদুল হাই গা ঢাকা দিয়েছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাঁকে সন্দেহ করছিলেন। ঘটনার নয় দিন পর বৃহস্পতিবার বাড়ি ফেরেন আবদুল হাই। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি বাবাকে হত্যার কথা স্বীকার করে বাড়ির পাশের পুকুরে কচুরিপানার নিচে লাশ লুকিয়ে রাখার কথা বলেন। পরে বিষয়টি জানানো হলে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে এবং আবদুল হাইকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ছেলে হাফিজুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল হাই নেশাগ্রস্ত হয়ে প্রায়ই তাঁর বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। এসব কাজ করতে নিষেধ করলে তিনি আনিছুর রহমানের ওপর ক্ষিপ্ত হন এবং তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন রাতে (২৭ মার্চ) মাথায় রড দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করেন আবদুল হাই। পরে লাশ বাড়ির পাশের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।