পাবনার হিমাইতপুরে সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনার নয় দিন পার হলেও গতকাল রোববার পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। তবে মো. হারুন শাহ নামের একজনকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার সন্দেহভাজন দুই আসামিকে রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
হারুনকে গত শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি পাবনা সদরের কিসমত প্রতাপপুর গ্রামে।
এ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গত মঙ্গলবার আবুল হাসেম এবং বুধবার আরিফুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিেনর রিমান্ড শেষে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে ।
মামলার তদন্ত কর্মকর্তা ও পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস বলেন, রিমান্ড শেষ হওয়া দুজন উল্লেখ করার মতো তথ্য দেননি। কিন্তু তাঁরা কিছু সূত্র দিয়েছেন। সে সূত্র ধরেই শনিবার রাতে হারুন শাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে হারুন অসংলগ্ন কথা বলেন। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।