
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নয়টি মার্কেটের ১১টি ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় ২ হাজার ৩৫১টি অবৈধ দোকান নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৩৫টি দোকান বরাদ্দ দিয়েছে ডিএসসিসিরই দুই বিভাগ।
এসব মার্কেটে সিঁড়ি, হাঁটার পথসহ বিভিন্ন স্থানেও নকশাবহির্ভূত আরও পাঁচ শতাধিক দোকান রয়েছে৷ এই নয় মার্কেটের সাতটিই নগরের ব্যস্ততম এলাকা গুলিস্তান ও এর আশপাশে। এসব মার্কেটের সামনের ফুটপাত ও সড়কে রয়েছে অনেক দোকান। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকা দিয়ে চলাচলকারী মানুষকে।
ভবনে পার্কিংয়ের জায়গার দোকানপাট উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পৃথক নির্দেশনা রয়েছে। ডিএসসিসির নয়টি মার্কেটের গাড়ি পার্কিংয়ের দোকানগুলোর বরাদ্দ বাতিল ও উচ্ছেদের সুপারিশ করেছে ডিএসসিসির একটি তদন্ত কমিটি। তবে এখনো উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি।
পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে ডিএসসিসির সম্পত্তি বিভাগ ও রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী সমিতি, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীও রয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, পার্কিংয়ের স্থানে নির্মিত একটি দোকান পেতে এখন গড়ে ১৫ লাখ টাকা লাগে। গত মার্চে দোকান বরাদ্দে দুর্নীতির অভিযোগে ডিএসসিসির সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘ডিএসসিসির অনেক মার্কেটে পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব দোকান উচ্ছেদে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে৷ আশা করছি, পার্কিং স্পেস উন্মুক্ত করতে পারব।’
ডিএসসিসি সূত্র বলেছে, ফুলবাড়িয়া সুপার মার্কেট-১-এর গাড়ি পার্কিংয়ে ৬৮টি, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর পার্কিংয়ে ৫৩১, পল্টন শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে ১৯, আহসান মঞ্জিল (নবাববাড়ি) সুপার মার্কেটের পার্কিংয়ে ১৪৯, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের পার্কিংয়ে ২৩০, ঢাকা ট্রেড সেন্টারের পার্কিংয়ে ২৯৭, গুলিস্তান ট্রেড সেন্টারের পার্কিংয়ে ৩৪১, কাপ্তানবাজার কমপ্লেক্স-১-এর পার্কিংয়ে ৩৫০ এবং কাপ্তানবাজার কমপ্লেক্স-২-এর পার্কিংয়ে ৩৬৬টি দোকান রয়েছে।
ডিএসসিসি সূত্র বলেছে, গত বছরের ডিসেম্বরে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সড়কের পাশে ভবনে গাড়ি পার্কিংয়ের স্থান ব্যবসাপ্রতিষ্ঠান বা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, তার তালিকা দুই মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি রুলও জারি করেন। গত ১৭ জানুয়ারি এক সভায় রাজউকের আওতাধীন এলাকায় গাড়ি পার্কিংয়ের স্থানে তৈরি সব স্থাপনা উচ্ছেদে নির্দেশনা দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। হাইকোর্টের নির্দেশের পর ডিএসসিসির সার্ভেয়ার সংস্থার মালিকানাধীন নয়টি মার্কেটের ১১টি ভবনের গাড়ি পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে বলে চিহ্নিত করে এর তালিকা প্রতিবেদন আকারে প্রধান সম্পত্তি কর্মকর্তা বরাবর দেন। ৩ মার্চ পার্কিংয়ে থাকা দোকানের তালিকা তৈরি করতে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে আহ্বায়ক, প্রধান রাজস্ব কর্মকর্তা ও আইন কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের কমিটি করা হয়। ১০ মে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এই কমিটি। ২১ আগস্ট প্রতিবেদনটি গেছে মেয়রের দপ্তরে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, আইন অনুযায়ী পার্কিংয়ের স্থানে অন্য কিছু নির্মাণের বিধান নেই৷ নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দেওয়ারও সুযোগ নেই। অথচ বিভিন্ন মার্কেটে নকশাবহির্ভূতভাবে নির্মিত ২৩৬টি দোকান স্থায়ীভাবে বরাদ্দ দিয়েছে রাজস্ব বিভাগ। অস্থায়ীভাবে দিয়েছে ৭৯৭টি। আর সম্পত্তি বিভাগ অস্থায়ী বরাদ্দ দিয়েছে ৬০২টি নকশাবহির্ভূত দোকান। এ ছাড়া কাপ্তানবাজার কমপ্লেক্স-১ ও ২-এ ৭১৬টি (কমপ্লেক্স-১-এ ৩৫০ এবং কমপ্লেক্স-২-এ ৩৬৬) দোকান অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, গত ১০ মে তদন্ত প্রতিবেদন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়েছে৷ প্রতিবেদনে ওই দোকানগুলোর বরাদ্দ বাতিল ও উচ্ছেদের সুপারিশ করা হয়েছে। উচ্ছেদের অনুমোদন এখনো তাঁর দপ্তরে আসেনি।
ডিএসসিসির রাজস্ব বিভাগ ও সম্পত্তি বিভাগ সূত্র বলেছে, ফুলবাড়িয়া সুপার মার্কেট-১-এ ৬৮টি, পল্টন শপিং কমপ্লেক্সে ১৯টি, আহসান মঞ্জিল সুপার মার্কেটে ১৪৯টি দোকান স্থায়ী বরাদ্দ দিয়েছে রাজস্ব বিভাগ। রাজস্ব বিভাগ ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ ৫৩১টি ও গুলিস্তান ট্রেড সেন্টারে ২৬৬টি দোকান অস্থায়ী বরাদ্দ দিয়েছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ২৩০টি, ঢাকা ট্রেড সেন্টারে ২৯৭টি, গুলিস্তান ট্রেড সেন্টারে ৭৫টি দোকান অস্থায়ী বরাদ্দ দিয়েছে সম্পত্তি বিভাগ।
ডিএসসিসির একাধিক কর্মকর্তা বলেন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সময়ে এবং পরে প্রশাসক থাকাকালে অবৈধ এসব দোকান নির্মাণ করা ও বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া এসব মার্কেটের সিঁড়ি, চলার পথসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে পাঁচ শতাধিক দোকান নির্মাণের সঙ্গে নামে-বেনামে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জড়িত। তবে অবৈধ অধিকাংশ দোকান বর্তমানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দখলে। উচ্ছেদ কার্যক্রম ঠেকাতে কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার তহবিল গঠন করেছেন। ডিএসসিসির কিছু কর্মকর্তার সঙ্গে তাঁদের সখ্য রয়েছে।
কয়েকটি মার্কেট সমিতির নেতারা এমন তহবিল গঠনের বিষয়টি স্বীকারও করেছেন। তাঁরা বলেছেন, ডিএসসিসির কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করতে সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই তহবিল গঠন করা হয়।
অবশ্য কাপ্তানবাজার কমপ্লেক্স-২-এর গাড়ি পার্কিংয়ের জায়গায় থাকা দোকান মালিকদের সংগঠন মুক্ত বাজার হকার্স মার্কেট সমিতির সভাপতি শাফিকুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে অপরিকল্পিতভাবে এই পার্কিংয়ে দোকান গড়ে উঠেছে। একটি আদর্শ মার্কেটের জন্য পার্কিংয়ের জায়গা খালি রাখা দরকার। এ জন্য ডিএসসিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷
সরেজমিন: ঢাকা ট্রেড সেন্টার ও কাপ্তানবাজার কমপ্লেক্স-২-এ পার্কিংয়ের পুরো জায়গাতেই রয়েছে দোকান৷ ফলে ক্রেতা-বিক্রেতাদের ব্যক্তিগত ও মালামাল বহনের গাড়ি মার্কেটের সামনে সড়কে রাখা হয়েছে৷ ফুটপাতে অবৈধ দোকানের কারণে সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা৷ এতে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে৷ এ দুই মার্কেটেরই সিঁড়ির পাশে, চলার পথে, টয়লেটের পাশে, সামনের ও পেছনের ফুটপাতে অবৈধ দোকান রয়েছে৷ মার্কেট দুটির ভেতর পর্যাপ্ত আলো-বাতাস নেই। আশপাশের ডিএসসিসির অন্যান্য মার্কেটেও একই চিত্র৷
ঢাকা ট্রেড সেন্টারের এক দোকানের মালিক আবদুল মোতালেব বলেন, রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকা গুলিস্তান। মার্কেটে গাড়ি পার্কিংয়ের পুরো জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে মার্কেটে আসা লোকজন যানবাহন রাখছে ফুটপাতে ও রাস্তায়। এতে তীব্র যানজট হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাবিব বলেন, শহরের কোথাও অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে তা অপসারণ করে ডিএসসিসি। এ ক্ষেত্রে তাদের নিজেদের আগে শোধরাতে হবে। মার্কেটগুলোর পার্কিং দখলমুক্ত করতে হবে। এতে সড়কে যানজট কমবে।
পুলিশের ঢাকা ট্রাফিক বিভাগের (পূর্ব) উপকমিশনার মইনুল হাসান বলেন, গুলিস্তানের মার্কেটগুলোতে পার্কিং-ব্যবস্থা না থাকায় এই এলাকায় যানজটের মাত্রা বেশি৷ তা নিরসনে ডিএসসিসিকে পার্কিংয়ের জায়গা অবমুক্ত করতে হবে৷